নব্বইয়ের দশকের প্রজন্মের কাছে ‘গোল্ড স্পট’ (Gold Spot) নিছক একটি ঠান্ডা পানীয় নয়, বরং ছেলেবেলার এক টুকরো আবেগ ও স্মৃতির নাম। সময়ের নিয়মে বাজার থেকে হারিয়ে যাওয়া সেই জনপ্রিয় কমলালেবুর স্বাদের পানীয়টি অবশেষে দীর্ঘ ২৬ বছর পর আবারও বাজারে ফিরতে চলেছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই নতুন রূপে ক্রেতাদের হাতে পৌঁছাতে পারে নব্বইয়ের দশকের সেই চেনা স্বাদ।
আরও পড়ুনঃ সাতসকালে উত্তরবঙ্গে ভয়াবহ ভূমিকম্প; আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ
কেন বন্ধ হয়েছিল ‘গোল্ড স্পট’? ১৯৯৩ সালে পার্লে-র কাছ থেকে ‘গোল্ড স্পট’ ব্র্যান্ডটি অধিগ্রহণ করেছিল বহুজাতিক পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকা-কোলা। তবে অধিগ্রহণের সাত বছর পর, ২০০০ সালে সংস্থাটি আচমকাই এই পানীয়ের উৎপাদন বন্ধ করে দেয়। সেই সময় কোকা-কোলারই আরেক কমলালেবুর পানীয় ‘ফ্যান্টা’-র চাহিদা দ্রুত বাড়তে থাকায় বাজার কৌশলের অংশ হিসেবেই ‘গোল্ড স্পট’ তুলে নেওয়া হয়েছিল।
ধোনির ভাইরাল ছবি ও প্রত্যাবর্তনের জল্পনা সম্প্রতি সমাজমাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রীর একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাঁদের হাতে ‘গোল্ড স্পট’ দেখা গিয়েছিল। ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই পানীয়টির প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জল্পনা দানা বাঁধতে শুরু করে।
আরও পড়ুনঃ পদ্মাপারে গৃহযুদ্ধ! অশান্ত বাংলাদেশে জ্বলল ইউনুসের ১০০ গ্রামীণ ব্যাঙ্ক
কী থাকছে নতুন সংস্করণে? বর্তমান সময়ে ক্রেতাদের মধ্যে স্বাস্থ্যকর এবং কম ক্যালোরিযুক্ত পানীয়ের চাহিদা দ্রুত বাড়ছে। পরিসংখ্যান বলছে, কোকা-কোলার কম চিনিযুক্ত ও চিনিমুক্ত পানীয়ের বিক্রি ইতিমধ্যেই দ্বিগুণ হয়েছে। সেই বাজার চাহিদার কথা মাথায় রেখেই এবার ‘গোল্ড স্পট’-কে কম চিনিযুক্ত (Low Sugar) এবং চিনিবিহীন (Sugar-Free)—এই দুই সংস্করণে বাজারে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত কম চিনিযুক্ত নতুন ফর্মুলাই দীর্ঘ আড়াই দশক পর জনপ্রিয় এই ব্র্যান্ডটির প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।


