চলন্ত ট্রেনে বসার আসন নিয়ে বিবাদের জেরে চরম বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটল জননায়ক এক্সপ্রেসে। এই ঘটনায় এক রেলপুলিশকর্মীর বিরুদ্ধে মহিলাযাত্রীকে বেধড়ক মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে; অন্যদিকে ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে রেলপুলিশকে হেনস্তা ও উর্দি ছেঁড়ার অভিযোগ দায়ের করেছে জিআরপি (GRP)। গোটা ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গ বার্তা)
কীভাবে ঘটনার সূত্রপাত? বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বুধবার। বিহারের দারভাঙা থেকে পঞ্জাবের অমৃতসরগামী জননায়ক এক্সপ্রেস উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশন ছাড়ার পরই দুই পরিবারের মধ্যে সিট নিয়ে বচসা শুরু হয়। জানা গিয়েছে, এক মহিলাযাত্রী আসন দখল করে শুয়ে ছিলেন। সে সময় কোলে শিশু নিয়ে অপর এক মহিলাযাত্রী সেখানে গিয়ে বসার জায়গা চাইলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে ওই কামরায় পৌঁছান দুই রেলপুলিশকর্মী ললিত সাগর ও অজয় কুমার। তাঁরা পরিস্থিতি সামাল দিয়ে শিশুসহ ওই মহিলাযাত্রীকে অন্যত্র বসার ব্যবস্থা করে দেন।
জিআরপির বক্তব্য ও গ্রেফতারি রেলপুলিশের ভাষ্য অনুযায়ী, দুই কর্মী সেখান থেকে সরে যাওয়ার পরই ফের বিবাদ শুরু হয়। তাঁরা পুনরায় পরিস্থিতি মেটাতে এলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং আসন দখল করে শুয়ে থাকা মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা রেলপুলিশের ওপর চড়াও হন, এমনকি উর্দিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও মহিলাযাত্রীকে পুলিশকর্মীর মারধরের বিষয়ে জিআরপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় ওই মহিলাসহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে বিহারের বিভিন্ন জেলার থানায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে চারজন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন। ট্রেন থেকেই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তবে বাকি চার মহিলা স্টেশনে নেমে অন্য ট্রেনে চড়ে পালিয়ে যান বলে অভিযোগ। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ আধুনিকতার ছোঁয়া নাকি সম্পর্কের অবক্ষয়? এবার শেষকৃত্য সম্পন্ন করতেও পেশাদার স্টার্ট-আপ সংস্থা!
ভাইরাল ভিডিওতে যা দেখা গিয়েছে ‘অ্যাটেনশনইন্ডিয়া১’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে কামরার ভেতরের চরম উত্তেজনাপূর্ণ ছবি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক মহিলাযাত্রী পুলিশকর্মীর কলার ধরে ঝাঁকাচ্ছেন এবং পাল্টা ওই পুলিশকর্মী মহিলাকে একের পর এক চড় মারছেন। সহযাত্রীদের কয়েকজন তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি ক্ষান্ত হননি এবং মারধরের একপর্যায়ে মহিলা মেঝেয় পড়ে যান। এরপর দু’জন তরুণী—যাঁদের ওই মহিলার কন্যা বলে মনে করা হচ্ছে—ক্ষোভে ও কান্নায় ভেঙে পড়ে পুলিশকর্মীর ওপর চড়াও হন এবং তাঁর উর্দি টেনে ছিঁড়ে দেন। এর মধ্যেই উঠে দাঁড়ান ওই মহিলাযাত্রী এবং তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। অপর পুলিশকর্মীকে অসহায়ভাবে পরিস্থিতি সামলানোর ও সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একপক্ষ যেমন মহিলাযাত্রীর গায়ে হাত তোলা ও তাঁর মাথা ফাটানোর ঘটনায় রেলপুলিশকর্মীর আচরণের তীব্র সমালোচনা করেছেন, তেমনই আরেকপক্ষ তরুণীদের উগ্র আচরণের বিরুদ্ধে মতামত দিয়েছেন।


