প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদে পথে নামার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, ভাষা নয়, বরং ধর্মের ভিত্তিতেই অখণ্ড ভারত দ্বিখণ্ডিত হয়েছিল এবং সেই ঐতিহাসিক ক্ষত আজও বয়ে চলেছে বাংলাদেশ। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের প্রাণহানির ঘটনায় বাঙালি হিন্দুদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশভাগের জন্য জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীকে দায়ী করে তিনি দাবি করেন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধানমন্ত্রী হলে কোনোভাবেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতভাগ হতে দিতেন না।
আরও পড়ুনঃ সাইবার প্রতারণার যোগসাজসে বাঁকুড়ার জয়পুরে গ্রেফতার সিপিএম নেতা আলোক মিদ্যা
উত্তাল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সূত্রের খবর অনুযায়ী, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দু’বছর পর আগামী ডিসেম্বরে বিজয় দিবসের প্রাক্কালে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই খবরকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। একদিকে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামি লিগের চোরাগোপ্তা হামলা এবং অন্যদিকে তা দমনে পুলিশ প্রশাসনের পালটা কঠোর অভিযানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ এবং হিন্দু অধ্যুষিত নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই অস্থিরতার মাঝে সংখ্যালঘু হিন্দুরাও আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবং হাসিনা ও আওয়ামি লিগকে রুখতে বিরোধী দল জামাতের সঙ্গে হাত মিলিয়েছে শাসক বিএনপি। অন্যদিকে, বাংলাদেশের অশান্তির নেপথ্যে হাসিনার আশ্রয়দাতা হিসেবে ভারতের মদত রয়েছে বলে তারেক রহমান সরকার যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
কী বললেন শমীক ভট্টাচার্য? রবিবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, কূটনৈতিক স্তরে হিন্দু নির্যাতন ও অশান্তি নিয়ে যা বলার তা বিদেশমন্ত্রকই বলবে। তবে একজন হিন্দু বাঙালি হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুদের ভুল বুঝিয়ে ব্রিটিশরা এই দেশ ভাগ করেছিল। ভাষা নয়, দ্বিজাতি নয়, পুরোপুরি ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ করা হয়েছিল।”
প্রতিবাদে পথে নামার ডাক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “ওখানে যাদের প্রাণহানি ঘটছে, তারা হিন্দু। আমাদেরই ভাইয়ের রক্ত ঝরছে। বাঙালি হিন্দু হিসেবে বলছি, রাস্তায় নামতে হবে।” তাঁর এই আহ্বানের পর ওপার বাংলার হিন্দুদের প্রতি সংহতি জানিয়ে দু’বছর আগের মতো এপার বাংলাতেও ফের বড়সড় প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে কি না, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


