সোমেন দত্ত, কোচবিহারঃ
বিহার বিধানসভা নির্বাচনে জয়জয়কার বিজেপি-আরজেডির। ভরাডুবি হয়েছে মহাগঠবন্ধনের। বিজেপির জয়ে উল্লসিত বাংলার গেরুয়া শিবির। দুপুর থেকেই রাজ্যের জায়গায় জায়গায় বিজেপির তরফে মিষ্টি বিতরণ করা হয়। আর মিষ্টি বিতরণ করতে গিয়েই বিপদে পড়েছেন দিনহাটার এক বিজেপি নেতা। অভিযোগ, এদিন রাতে মিষ্টি বিতরণ করার সময় তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার বাবুপাড়া এলাকায়। জানা গিয়েছে, বিহার নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ করছিলেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায়। অভিযোগ, নিজের বাড়ির সামনে মিষ্টি বিতরণ করার সময় এলাকায় এসে হাজির হয় দিনহাটা থানার পুলিশ।
পরিবারের দাবি, কোনও পূর্ব নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ হঠাৎ বাড়িতে ঢুকে অজয় রায়কে আটক করতে চায়। পরিবারের লোকেরা পুলিশকে বাঁধা দিলেও কোনও কাজ হয়নি। অজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি শুরু হয়। বাড়ির ভিতরে ঢুকে অজয় রায়কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুনঃ দিল্লি বিস্ফোরণকাণ্ডে এবার NIA-এর জালে বাংলার উত্তর দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া
এদিকে, তৃণমূলের দাবি, বাড়ির সামনে অনুমতি ছাড়াই মিছিলের আয়োজন করেছিলেন বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় রায় ও বিজেপি নেতা দীপ বৈশ্য। আর সেই মিছিল আটকাতে গেলে পুলিশের ওপর আক্রমণের করা হয়। এরপরেই বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় রায় ও বিজেপি নেতা দীপ বৈশ্যকে আটক করে দিনহাটা থানার পুলিশ। যদিও মিছিলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
কেন বিজেপি নেতাকে আটক করা হল, সেটি নিয়ে পুলিশের তরফে এখনও কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। বিজেপি নেতার মিষ্টি বিতরণ কি আদৌ আইনভঙ্গ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জেলার বিজেপি নেতৃত্ব। এলাকায় উত্তেজনা রয়েছে।





