কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
জলপাইগুড়ি শহরের কাছেই ফের হাতির হানা। চা বাগানে ঢুকে কুয়োয় পড়ল হাতি। বন দফতরের কর্মীদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় গর্ত থেকে উঠল হাতিটি।
আরও পড়ুনঃ আমরা শুধু মনে রেখেছি সূর্য সেনকে, বিলুপ্ত হয়ে গেছেন ‘ফুটু দা’! সূর্যের আড়ালে ঢাকা আগুন
বৈকন্ঠপুর জঙ্গল থেকে গতকাল রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া করলাভ্যালি চা বাগানে হানা দেয় তিনটি হাতি। এরমধ্যে বাচ্চা হাতিটি চা বাগানে থাকা একটি পরিত্যক্ত কুয়োয় মধ্যে পড়ে যায়। সোমবার সকালে বিষয়টি নজরে আসে চা শ্রমিকদের। খবর চাউর হতেই ভিড় জমে যায়। খবর যায় বন দফতরে।
ইতিমধ্যে চা শ্রমিকেরা গর্ত থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। গাছের ডাল ভেঙে এগিয়ে দেয়।গাছের ডাল কে খড়কুটোর মতো শুড় দিয়ে আঁকড়ে ধরে উপরে ওঠার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে হাতির ছানাটি। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। মানুষের ভিড় বাড়তে দেখে অন্য হাতি দুটি বেশ কিছুটা দূরে চলে গিয়ে দাঁড়িয়ে থাকে।
আরও পড়ুনঃ ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা !
পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, সকালবেলা চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ফোন পান তিনি। সঙ্গে সঙ্গে বন দফতরের বিভিন্ন রেঞ্জে ফোন করে এই ঘটনার কথা জানান। সকালবেলাতেই আশেপাশের এলাকা থেকে বনকর্মীরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধার অভিযান।
বন দফতরের কর্মীরা আর্থ মুভার দিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করেন। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর কুয়ো থেকে উঠতে সমর্থ হয় হাতিটি। এখনও চা বাগানেই রয়েছে তিনটি হাতি। কাছেই শ্রমিক মহল্লা থাকায় এলাকা ঘিরে রেখেছে বন দফতর।





