ফের বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। তবে শুধুমাত্র শহর নয়, সপ্তাহের প্রথম দিন সোমবারই ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে রাজ্যের একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই চিত্রটা একই।
দক্ষিণবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা প্রবাহিত হওয়ায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও স্বস্তি মিলছে না। বায়ুপ্রবাহ প্রায় নেই বললেই চলে, সঙ্গে রয়েছে অত্যন্ত বেশি আর্দ্রতা। ফলে মাত্র ৩২°C তাপমাত্রাতেও অনুভূত হবে ৪০–৪৩°C-এর মতো অস্বস্তিকর গরম।
আরও পড়ুনঃ পুলিশি এনকাউন্টার; নিহত গ্যাংস্টার সুজিত সিনহা
কলকাতার অস্বস্তি সূচক আজ ৪৩°C ছুঁতে বা অতিক্রম করতে পারে।
দিনের মধ্যে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, তবে তা হবে সাময়িক। বৃষ্টি থামার পর আবারও গুমোট ও অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসবে।
আজকের মূল বার্তা দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় অস্বস্তি সূচক ৪০°C-এর উপরে থাকতে পারে। কলকাতা ও শহরতলীতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। পর্যাপ্ত জল পান করুন, অপ্রয়োজনীয়ভাবে রোদে বের হওয়া এড়িয়ে চলুন এবং শিশু ও প্রবীণদের বিশেষভাবে সতর্ক রাখুন।
আরও পড়ুনঃ রাজ্যে ফের কোটি কোটি টাকা উদ্ধার! এ বার মালদহে
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।


