বিশেষ সংবাদদাতা, নাগপুর:
ভারতকে বিশ্বমঞ্চে কোণঠাসা ও দুর্বল করে তোলার জন্য আন্তর্জাতিক স্তরে সুপরিকল্পিতভাবে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে বলে অত্যন্ত বিস্ফোরক অভিযোগ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। নাগপুরে সংঘের ঐতিহ্যবাহী বিজয়াদশমী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বিশ্বজুড়ে কিছু নির্দিষ্ট অশুভ শক্তি ভারতকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে এবং দেশের ভেতরের কিছু ক্ষমতার লোভী ও উচ্চাকাঙ্ক্ষী নেতাও নিজেদের ক্ষুদ্র স্বার্থে সেই চক্রান্তে সহযোগিতা করে চলেছেন।
আরও পড়ুনঃ নদিয়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনা! এবার কৃষ্ণনগরে RSP-এর বইয়ের স্টলে ভাঙচুর
ভারত, হিন্দু ও সঙ্ঘকে ভাঙার বহুমুখী চক্রান্ত: ভাগবত
বিজয়া দশমীর মঞ্চ থেকে সংঘ প্রধান বলেন, “ভারত, হিন্দু সমাজ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে কীভাবে ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়, অশুভ শক্তিগুলি অবিরাম সেই চিন্তাভাবনা ও পরিকল্পনা করে চলেছে। সেই লক্ষ্য পূরণেই তারা সুনির্দিষ্ট পদক্ষেপ করছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কিছু মানুষ নিজেদের স্বভাবগত চরিত্র ও ক্ষমতার অন্ধ মোহে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দোসর হয়ে উঠছে।” ব্যক্তিগত ও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের বলি হয়ে দেশের দূরদর্শিতার অভাব ঘটাচ্ছেন এই সমস্ত উচ্চাকাঙ্ক্ষী নেতারা, এমনটাই অভিযোগ তাঁর।
আরও পড়ুনঃ রেহাই নেই নেতাজি সুভাষচন্দ্রের! ‘নেতাজি’ সুভাষচন্দ্র বসু সম্পর্কিত বই তছনছ করে দিল গেরুয়া বাহিনী
ফ্রান্স থেকে বাংলাদেশ ও নেপাল, বিশ্বজুড়ে অস্থিরতার ঝড়
বক্তব্যের এক পর্যায়ে আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ এবং নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার উদাহরণ দেন মোহন ভাগবত। তাঁর দাবি, সুদূর পশ্চিম দিক থেকে এক ধ্বংসাত্মক রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে, যা মানব সমাজের সমস্ত শৃঙ্খলা, শালীনতা, জনকল্যাণ এবং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধকে চিরতরে ধূলিসাৎ করতে চায়। অতীতেও এই ধরনের জোর করে সরকার পরিবর্তনের অপচেষ্টা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।
ভাগবতের মতে, বিশ্বজুড়ে এই ধরনের ধ্বংসাত্মক অভিযান চালানোর মূল উদ্দেশ্য হলো নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থসিদ্ধি বজায় রাখা। কিন্তু ভারতের বর্তমান অর্থনৈতিক ও পরিকাঠামোগত অভাবনীয় উন্নয়ন সেই আন্তর্জাতিক পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই এই অশুভ শক্তির চূড়ান্ত নিশানায় রয়েছে ভারত। তবে গত কয়েক দশকে দেশের দৃঢ় নীতি এবং বলিষ্ঠ নেতৃত্বের হাত ধরে ভারত যে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রগতি অর্জন করেছে, তা এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন আরএসএস প্রধান।


