আজ সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর। সূত্রের খবরে জানা যাচ্ছে মনোনয়ন জমা করতে যাওয়ার সময়ে হাজরায় তৃণমূল সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। সঙ্গে সঙ্গেই বিজেপি সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বলেও খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ ২০২৬ রাজ্য নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে কাশ্মীরকেও ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গ
কলকাতার ব্যস্ত হাজরা মোড় আজ সকালে রাজনৈতিক উত্তেজনায় ফেটে পড়ল। বিজেপির টলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ও অভিনেত্রী পাপিয়া অধিকারী নিজের সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচি এবং হাতাহাতি শুরু হয়। পাপিয়া অধিকারী অভিযোগ করেছেন, তাঁকে এবং তাঁর সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাপিয়া অধিকারী যখন তাঁর কর্মীদের নিয়ে এগোচ্ছিলেন, তখনই তৃণমূলের একদল সমর্থক তাঁদের ঘিরে ধরেন। “তৃণমূলের গুন্ডারা আমাদের মিছিল ভেঙে দিতে চাইছে। তারা আমাকে এবং আমার সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে,” সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন পাপিয়া। এর আগেও প্রচারের সময় তিনি তৃণমূলের বিরুদ্ধে “গুন্ডারাজ” চালানোর অভিযোগ তুলেছিলেন।
আরও পড়ুনঃ উদ্বেগ নবান্নে, মোথাবাড়িকাণ্ডে আজই সুপ্রিম কোর্টে ২৫ পাতার NIA রিপোর্ট
আজকের ঘটনায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।মিছিলের শুরুতে পরিবেশ স্বাভাবিক থাকলেও হাজরা মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। তৃণমূল সমর্থকরা চিৎকার করে বলতে থাকেন যে বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। কয়েকজন কর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
পাপিয়া অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাঁর মিছিলের গতিপথ আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় স্থানীয় পুলিশ দ্রুত হাজির হয়।বর্তমানে হাজরা মোড় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজার থেকে অতিরিক্ত ফোর্স আনা হয়েছে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের কর্মীরা কিছুটা সরে গেলেও উত্তেজনা এখনও রয়েছে।



