দেবজিত মুখার্জি, কলকাতা:
“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”…. ছোটবেলা থেকে এই গানটা শুনে প্রায় অধিকাংশ বাঙালি ফুটবলপ্রেমীই বড় হয়েছে। যদিও এখন সেই যুগ পাল্টে গেছে। এখন অল্প বয়সেই মেসি-রোনাল্ডো-এমবাপেদের নেশাতে মেতে উঠেছে ক্ষুদে ফুটবলপ্রেমীদের দল। তবে একটা জিনিস রয়ে গেছে এখনো এক। সেটা হলো ফুটবলের প্রতি বাঙালির নেশা। বলা ভালো, আবেগ। আজও টিভিতে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ হলে বাঙ্গালীদের এক আলাদা উন্মাদনা দেখা যায়। বিস্তারিতভাবে বলতে গেলে, সবকিছু ছেড়ে সকলের চোখ টেলিভিশন সেটে জমে যায়। নিজেদের প্রিয় দল চিরপ্রতিদ্বন্দ্বীর জালে বল জড়ালেই চারিদিক থেকে ওঠে ‘গোল’ ধ্বনিটি।
আরও পড়ুনঃ পঁচিশের পঁচিশে ভিড়ে ‘ফার্স্ট বয়’ কলকাতা! ভিড়ে সপ্তরথীর কে কাকে টেক্কা দিল?
গতকাল বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, বড়দিন উপলক্ষে যখন একশ্রেণীর মানুষ পার্কস্ট্রিট বা তার আশেপাশের চত্বরের দিকে রওনা দিয়েছেন, ঠিক তখন এক আলাদা চিত্র ধরা পরল মধ্য কলকাতায়। এদিন ‘গোষ্ঠপাল চ্যাম্পিয়নস ব্লু কাব্স লিগ’এর পঞ্চম দিনের খেলা ছিল এবং তা দেখতে অজস্র মানুষ ভিড় জমান বিবেকানন্দ উদ্যানে।

এদিন একাধিক দলের ম্যাচ ছিল। ৮-১২ বছর বয়সী ক্ষুদে ফুটবলাররা নিজেদের প্রতিভা তুলে ধরেন। তাদের অসাধারণ খেলা দেখে মুগ্ধ হন উপস্থিত সকল মানুষ।
শুধু তাই নয়, বহু পথচলতি মানুষও এদিন মাঠে প্রবেশ করেন এবং ক্ষুদেদের খেলা উপভোগ করেন। ম্যাচ চলাকালীন ক্ষুদেদের উদ্বুদ্ধ করেন দলের কোচ থেকে শুরু করে ফুটবলারদের অভিভাবক, সকলেই।
আরও পড়ুনঃ পকেটে বড়সড় ছ্যাঁকা! মধ্যবিত্তের পাতে ‘মহার্ঘ’ ডিম; চুপ সরকার, চুপ বিরোধীরা
ম্যাচ শেষে জয়ী দলের কোচরা খুশিপ্রকাশ করেছেন এবং তাঁদের পরবর্তী লক্ষের কথা জানিয়েছেন। অভিভাবকরাও বেশ মন দিয়ে ম্যাচগুলি দেখেছেন এবং তাঁদের ছেলেদের পারফর্ম করতে দেখে খুশি হয়েছেন।

এদিন সকালবেলায় শুরু হয়েছিল ম্যাচ এবং শেষ হয় প্রায় সন্ধ্যা ৬টা নাগাদ। টুর্নামেন্টের আরো অনেক খেলা বাকি রয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং সেদিকে যে সকলের নজর রয়েছে, তা না বললেও চলে।
এই প্রসঙ্গে লিগ কমিটির লিগ অপারেটর, সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সম্পাদক, শামসুল আলম বলেন, “৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এই লিগ চলবে। আজ মোট ৯টি ম্যাচ খেলা হয়েছে।

কলকাতা, হাওড়ার বিভিন্ন মাঠে খেলাগুলি হচ্ছে। এরপরে খেলা হবে ২৭ তারিখে ইছাপুর শিবাজী সংঘ ফুটবল গ্রাউন্ডে। সেখানে ১৩টি ম্যাচ খেলা হবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে ৮ই এপ্রিল।”





