সোমেন দত্ত, কোচবিহারঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে কোচবিহারের রাজনীতিতে নতুন উত্তাপ। তৃণমূল কংগ্রেস নেতা ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহের, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলি শাসক দলের নেতা-কর্মীদের মনোবল ভাঙতে পরিকল্পিতভাবে গ্রেফতারির ছক কষছে।
‘ট্রাবল মেকার্স’ তালিকায় তৃণমূলের ১০ বিধায়ক
উদয়ন গুহ সোমবার সাংবাদিকদের জানান, একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ট্রাবল মেকার্স’ তালিকায় তৃণমূল কংগ্রেসের ১০ জন বিধায়কর নাম রয়েছে। এই তালিকায় কোচবিহার থেকে পরেশ অধিকারী ও উদয়ন গুহর নাম থাকায় জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তাঁর অভিযোগ, ভোটের দিন বা তার আগে এই বিধায়কদের গ্রেফতার বা গৃহবন্দি করে এলাকা থেকে দূরে সরিয়ে রাখার পরিকল্পনা চলছে। উদ্দেশ্য — বিধায়করা যাতে সাধারণ কর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
মহকুমাশাসকের দপ্তরে উদয়ন গুহ
আশঙ্কা প্রকাশ করে উদয়ন গুহ সোমবার দিনহাটা মহকুমাশাসকর কার্যালয়ে গিয়ে মহকুমাশাসকের সঙ্গে দেখা করেন। তিনি সম্ভাব্য গ্রেফতারি এড়াতে প্রশাসনের কাছে সুরক্ষা চেয়েছেন বলে জানা গেছে।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই তালিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে। দলের নেতারা বলছেন, এটি নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা।
বিজেপির বিরুদ্ধেও অভিযোগ
উদয়ন গুহ একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূতভাবে বিজেপি মহিলাদের মাধ্যমে বাড়ি বাড়ি মাতৃশক্তি কার্ড বিলি করা হচ্ছে। এটি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে তিনি দাবি করেন।
আরও পড়ুনঃ অবাধ ভোটে CRPF-এর ‘অপারেশন অ্যাডভান্স অল আউট’ শুরু রাজ্যজুড়ে
কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা
কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের জন্য এই ঘটনা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। উদয়ন গুহ দিনহাটা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী। তাঁর মতো প্রবীণ নেতার এই আশঙ্কা দলের কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে এ ধরনের তালিকা ও অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে। নির্বাচন কমিশন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
ভোট যত এগিয়ে আসছে, কোচবিহারসহ উত্তরবঙ্গে প্রচার ও অভিযোগের তীব্রতা বাড়ছে। উদয়ন গুহর এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে কোনো ধরনের চাপকে গুরুত্ব সহকারে নিচ্ছে।



