আবহাওয়া দফতরের কথা মিলে গেল অক্ষরে অক্ষরে। পূর্বাভাস মিলিয়ে কলকাতায় এবং রাজ্যজুড়ে বৃষ্টি নামল। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবারের জন্য সতর্কতা জারি করা হয়।
আরও পড়ুনঃ DA ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তি সরকারের
কলকাতায় সোমবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করে, সেই পূর্বাভাস আগেই ছিল। তবে আজ মঙ্গলবার হাওয়ার গতি কিছুটা কমলেও অস্থির আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে থাকে। কোথাও কোথাও ঝড়ের গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়।
ঝড়-বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুনঃ মেগা লড়াই ভবানিপুরে, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ
উত্তরবঙ্গেও একই রকম অস্থির আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।
এদিকে গতকাল সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বলছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি কম। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়ায় রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।







