রাজ্য থেকে ভারী বৃষ্টি আপাতত উধাও। টানা বৃষ্টির পর সম্প্রতি স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে। তবে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা ভাবে ভিজতে পারে উত্তরও।
আরও পড়ুনঃ ১৬ জনেরই মিলল জামিন; ধর্মতলায় নিট-বিক্ষোভ
সর্বশেষ আবহাওয়া মডেলের ইঙ্গিত অনুযায়ী আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত খুবই কম।
যদিও বিচ্ছিন্ন কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। নিম্নচাপটি আরও সরে গেলে নিম্নচাপ অক্ষরেখাও উত্তরবঙ্গের দিকে সরে যাবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ ইংরেজদের অহংকারে এক বিশাল আঘাত; পরাধীন ভারতের বুকে খালি পায়ে ফুটবল বিপ্লবের অমর ইতিহাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.০ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম।
২৭ জুলাই রাত ৮টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, ২৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে ৪.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।


