কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বিজ্ঞানচর্চায় সর্বভারতীয় মঞ্চে জয়জয়কার নকশালবাড়ির। কৃষিকাজের আধুনিক যন্ত্র, দৃষ্টিহীনদের জন্য স্মার্ট ব্লাইন্ড স্টিক ও রকেট সায়েন্সের প্লাজমা আয়নিক থ্রাস্টার মডেল বানিয়ে চলতি বছর অখিল ভারতীয় বিজ্ঞানমেলায় প্রথম স্থান দখল করেছে দেশবন্ধুপাড়ার শৌভিত ঘোষ। সে সারদা বিদ্যামন্দির হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুনঃ শাসকদলের অন্দরে কলহ, সরগরম শিলিগুড়ির রাজনীতি; দিলীপকে বাগে আনতে আসরে কাউন্সিলাররা
বুধবার তাকে স্কুলের তরফে সংবর্ধনা জানানোর পাশাপাশি ৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এরপর শৌভিত স্কুল প্রাঙ্গণে তার বানানো তিনটি মডেল প্রদর্শন করে। আগামীদিনে সে ইঞ্জিনিয়ার হতে চায় বলে জানিয়েছে।
ছোট থেকেই শৌভিতের বিজ্ঞানের প্রতি ঝোঁক। তার বাবা মারা গিয়েছেন বছর পাঁচেক আগে। কৃষি সংস্থায় কর্মরত দিদি লিপসা ঘোষের মুখে চাষিদের নানা সমস্যার কথা শুনে সে মাল্টিফাংশনাল অ্যাগ্রিকালচার রোবট তৈরির ভাবনা শুরু করে। দিনরাত পরিশ্রম করে এক মাসের মধ্যে ওই মডেলটি তৈরি করে। মডেলটির নাম ‘হরিতভীরা’। চলতি বছর ১৩ থেকে ১৬ নভেম্বর উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞানমেলায় সারা দেশের ১১০০ জনের বেশি স্কুল পড়ুয়া অংশ নিয়েছিল। তবে সবাইকে ছাপিয়ে শৌভিত প্রথম স্থান অধিকার করে।
আরও পড়ুনঃ উত্তাল কলকাতা পৌরসভা, পুরসভার অধিবেশনে শাসক- বিরোধী তুমুল তরজা
শৌভিতের দ্বিতীয় মডেল স্মার্ট ব্লাইন্ড স্টিক। এর সাহায্যে দৃষ্টিহীনদের হাঁটতে সুবিধা হবে। ওই স্টিকটি ঊর্ধ্বগামী সিঁড়ি, নিম্নগামী সিঁড়ি, দেওয়াল, উড়ন্ত বা ঝুলন্ত বস্তু বা জলমগ্ন রাস্তার তথ্য আগাম জানিয়ে দেবে। তৃতীয় মডেল প্লাজমা আয়নিক থ্রাস্টার। এর প্রধান কাজ সাধারণ ভোল্টেজ বুস্টারের ব্যবহারে কম খরচে প্লাজমা তৈরির মাধ্যমে পর্যাপ্ত আয়নিক থ্রাস্ট উৎপন্ন করা। যা মহাকাশে রকেট পাঠাতে জ্বালানি খরচ কমিয়ে দেবে।









