একদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ঝিরঝিরে আমেজ, অন্যদিকে দক্ষিণবঙ্গে সূর্যের প্রখর তেজ, প্রকৃতির দুই বিপরীতধর্মী রূপ দেখছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকলেও আজ বিকেলের দিকে চারটি জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে।
আরও পড়ুনঃ রণকৌশল তৈরিতে কলকাতায় চার ঘণ্টার ম্যারাথন বৈঠকে অমিত শাহ
দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি: জারি হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছেছে। অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা (Yellow Warning) জারি করেছে আবহাওয়া দফতর। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বহুগুণ বেড়েছে।
আজই বৃষ্টি এই ৪ জেলায়
পুরো দক্ষিণবঙ্গ বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকলেও, আজ ২২ এপ্রিল শুধুমাত্র চারটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কবে বৃষ্টি?
আজ কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ২৬ এপ্রিল থেকে কলকাতা, হাওড়া ও হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। অর্থাৎ, চলতি সপ্তাহের শেষেই কাটতে পারে দহনজ্বালা।
আরও পড়ুনঃ আপনার এলাকায় চলছে নজরদারি; রাস্তায় কমিশনের ডিজিটাল চোখ!
স্বস্তিতে উত্তরবঙ্গ: বৃষ্টি চলবে আরও এক সপ্তাহ
দক্ষিণ যখন পুড়ছে, উত্তর তখন ভিজছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬-৭ দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা আছে।
কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।



