বিধানসভা ভোটের আগে আইপ্যাক কর্তার বাড়িতে ইডি তল্লাশিকে কেন্দ্র করে বেনজির সংঘাতের সাক্ষী থাকল কলকাতা। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে যখন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, ঠিক তখনই সেখানে সশরীরে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনাকে তদন্তে সরাসরি ‘হস্তক্ষেপ’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ গাড়ির নম্বর WB06Y5555, র্যাফ থেকে পুলিশ রয়েছে ঘিরে, সিটে পড়ে সরকারের গাদা-গাদা ফাইল, গাড়ি রহস্য!
দীর্ঘক্ষণ প্রতীক জৈনের বাড়িতে থাকার পর হাতে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তিনি দাবি করেন, “তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা এবং ডিজিটাল হার্ডডিস্ক হাতিয়ে নিতেই এই তল্লাশি চালানো হয়েছে।” এরপরই তিনি লাউডন স্ট্রিট থেকে সল্টলেকের সেক্টর ফাইভ-এ আইপ্যাকের আইটি অফিসের উদ্দেশ্যে রওনা দেন।
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্মরণ করিয়ে দেন পুরনো স্মৃতি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ করায় অভ্যস্ত। ২০২১ সালে নিজাম প্যালেসে ধরনা দেওয়া কিংবা রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার সময় ধরনায় বসার ইতিহাস ওঁর আছে।” শুভেন্দুর সাফ কথা, একজন প্রশাসনিক প্রধান হয়ে তদন্ত চলাকালীন এভাবে সশরীরে হাজির হওয়া এবং নথিপত্র নিয়ে বেরিয়ে আসা স্রেফ অনৈতিক নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে সরাসরি বাধাদান।
আরও পড়ুনঃ মমতার হাতে রহস্যজনক সবুজ ফাইল, আইপ্যাকের দফতর থেকেও একাধিক ফাইল নিয়ে নিজের গাড়িতে রাখলেন মমতা!
শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমি মনে করি সিপি এবং মুখ্যমন্ত্রীর ওখানে যাওয়াটা সম্পূর্ণ অসাংবিধানিক। ইডি-র উচিত নিজেদের ক্ষমতাবলে এবং আইনের পথে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা।”
ভোটের মুখে নির্বাচনী কৌশল নির্ধারণকারী সংস্থার ওপর এই হানা এবং খোদ মুখ্যমন্ত্রীর ময়দানে নেমে পড়ার ঘটনা বাংলার রাজনীতিতে নয়া মেরুকরণ তৈরি করল। একদিকে তৃণমূল যখন একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে, অন্যদিকে বিজেপি একে ‘তদন্তে বাধাদান’ হিসেবে তুলে ধরছে। এখন দেখার, শুভেন্দুর এই দাবির পর ইডি পরবর্তী কী পদক্ষেপ নেয়।









