সোমবার রাতের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই নামল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। মঙ্গলবার ভোরের দিকে কলকাতা-সহ একাধিক জেলায় অনুভূত হয়েছে মনোরম পরিবেশ, কোথাও আবার মিলেছে মৃদু শীতের আমেজ। তবে এই স্বস্তি কি সাময়িক? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ মঙ্গলবারও দুপুর গড়ালে ভিজতে পারে তিলোত্তমা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ফলে গুমোট গরম থেকে শহরবাসী আজ রেহাই পাবেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ শীর্ষে মুর্শিদাবাদ, ৯০ লাখের বেশি নাম বাদ, বিজ্ঞপ্তি কমিশনের
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়ের দাপট
কলকাতা সংলগ্ন এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বেশ কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বৃষ্টির সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সুপ্রিম হুঁশিয়ারি! “রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি..”
ভিজবে উত্তরবঙ্গও
দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকছে। আলিপুর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং, এই দুই পার্বত্য জেলা-সহ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
সোমবার রাতের বৃষ্টিতে এক লাফে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় যে স্বস্তি ফিরেছে, মঙ্গলবারের পূর্বাভাসে সেই রেশ অন্তত আরও ২৪ ঘণ্টা বজায় থাকবে বলে মনে করছেন আবহবিদরা।



