কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
শৈলরানিতে বেড়াতে এসে পাহাড়ের গাড়ির চালকের সঙ্গে সংঘর্ষে জড়ালেন ভিন রাজ্যের পর্যটকরা ৷ দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড ৷ পাহাড়ের ওই গাড়ি চালককে চাকু মারার অভিযোগ এক দল পর্যটকদের বিরুদ্ধে ৷ ঘটনায় ৫ পর্যটককে গ্রেফতার করেছে দার্জিলিং সদর থানার পুলিশ । তাঁরা সকলেই পঞ্জাবের বলে জানা গিয়েছে ৷ ধৃতদের শনিবার দার্জিলিং জেলা আদালতে তোলা হয়।
আরও পড়ুনঃ ‘বন্দে মাতরম’ গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে! উচ্চপর্যায়ের বৈঠক মোদী সরকারের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব থেকে গাড়ি নিয়ে দার্জিলিং ঘুরতে এসেছিলেন পাঁচ জনের এক পর্যটকদের দল । শুক্রবার দার্জিলিংয়ের সিংমারির কাছে ফাটক এলাকায় গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে পাহাড়ের এক গাড়ি চালক সঞ্জিত দর্জির সঙ্গে তাঁদের ঝামেলা হয়। অভিযোগ, একই রাস্তায় পর্যটকদের গাড়ি এবং স্থানীয় একটি গাড়ি একসঙ্গে ঘোরানোকে কেন্দ্র করে শুরু হয় চরম বাকবিতণ্ডা । ওই পর্যটকদের সঙ্গে ঝামেলায় জড়ান পাহাড়ের গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনা সম্পর্কে অতিরিক্ত দার্জিলিং পুলিশ সুপার (সদর) ধীরাজ দাস বলেন, “গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় গাড়ি চালকদের মধ্যে বচসার সৃষ্টি হয় ৷ পর্যটকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিতে আঘাতের অভিযোগ রয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেফতার করে আজ দার্জিলিং জেলা আদালতে পাঠানো হয় ৷”

অভিযোগ, বচসা থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷ সে সময় পর্যটকদের মধ্যে একজন ধারালো অস্ত্র বের করে স্থানীয় গাড়ি চালকের উপরে কোপ বসায় । তারপরই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । এরপরই আহত স্থানীয় গাড়ি চালক তাদের সংগঠককে পুরো বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছয় দার্জিলিং সদর থানার পুলিশ ৷ অভিযুক্ত 5 পর্যটককে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্ত পাঁচ পর্যটকই পঞ্জাবের চন্ডীগড়ের বাসিন্দা । ধৃতরা হলেন সুকজিৎ সিং, লক্ষীন্দর সিং, হর্ষবিন্দর সিং, পর্ববেন্দর সিং এবং মনদ্বীপ সিং ৷ সকলকেই আজ দার্জিলিং জেলা আদালতে তোলা হয় ৷
আরও পড়ুনঃ আজ শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা! শিলনোড়া ষষ্ঠী–গোটা সেদ্ধ
দার্জিলিংয়ের সংযুক্ত গাড়ি চালক সংগঠনের মুখপাত্র রাহুল সরসা বলেন, “আজকে একজন গাড়ি চালকের উপর আক্রমণ হয়েছে ৷ আগামীতে অন্য কারোর উপর আক্রমণ হতে পারে ৷ আমরা পুলিশের কাছে আবেদন জানিয়েছি যাতে বাইরে থেকে আগত পর্যটকদের গাড়ি ভালোভাবে তল্লাশি করা হয় ।”
আহত গাড়ি চালক সঞ্জিত দর্জি বলেন, “রাস্তায় গাড়ি ঘোরানো নিয়ে সমস্যা শুরু হয় । আমাকে গাড়ি সরাতে বললে আমি বলি পিছনে অনেক যানজট রয়েছে সেজন্য একটু অপেক্ষা করতে । কিন্তু তারা গালাগাল দিতে শুরু করে । তাদের মধ্যে একজন আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । আমি সরে গেলে আমার হাতে লাগে । আমার হাতে সেলাই দিতে হয়েছে ।” রাজ্যের পাশপাশি ভিন রাজ্যের পর্যটকরা সারা বছরই শৈলরানিতে আসেন ৷ বিদেশি পর্যটকের সংখ্যাও প্রচুর ৷ শীতের মরশুমে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে ৷









