মোঃ মাসুদ সরদার; বরিশাল:
প্রতিবেশী দেশ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নাটোরের বড়াইগ্রামে ঘটে গেল এক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী বালিবোঝাই ট্রাকের বিকট সংঘর্ষে কমপক্ষে ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ প্যারিস ‘মুসলিম শহর’ হতে চলেছে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের
দূরপাল্লার বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণহানি ৯
বনপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শামীম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী ‘আরপি পরিবহন’-এর একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের প্রচণ্ড সজোরে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় বাসের একাংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ভয়াবহ এই ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন যাত্রীর করুণ মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় হাসপাতালগুলিতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয় বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুনঃ ফ্রান্সের একাধিক শহরে জারি হচ্ছে কারফিউ; বিক্ষোভে উত্তাল ফ্রান্স
উদ্ধারকাজ ও প্রশাসনের তৎপরতা
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ দ্রুতগতিতে চলছে। অন্যদিকে নাটোর দমকল বিভাগের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার পর বাসটির কাঠামো সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া দুর্ঘটনাকবলিত যাত্রীদের বের করে আনতে উদ্ধারকারী দলকে চরম বেগ পেতে হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল ও হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ প্রতিনিধি দল। বড়াইগ্রামের উপজেলা নির্বাহী আধিকারিক লায়লা জান্নাতুল ফেরদৌস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক ও সংকীর্ণ হওয়ায় বারবার অঘটন ঘটছে। দুর্ঘটনা রোধে সড়কটি দ্রুত প্রশস্ত করার বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


