ভোটের মুখে কার্যত গাড্ডায় পড়ে গেল তৃণমূল! ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে বধ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া সাধের দল তৃণমূল। সেই কলঙ্কের কালি যাতে গায়ে না লাগে, তাই তৃণমূল-বধ নিশ্চিত জেনেই পগার পার হল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে আইপ্যাক।
আইপ্যাকের বক্তব্য (I-PAC)
নির্দিষ্ট কিছু আইনি ‘বাধ্যবাধকতা’র কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেলে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকুশলী সংস্থার তরফে জানানো হয়েছে, আইনি ‘বাধ্যবাধকতা’র কারণে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে। ১১ মে-র পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। ইমেলে ওই সংস্থার কর্মীদের বলা হয়েছে, ‘‘আইনকে আমরা শ্রদ্ধা করি এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময়ে বিচার মিলবে, আমরা নিশ্চিত।’’ আইপ্যাক কর্মীদের ধৈর্য ধরতে বলা হয়েছে। আইপ্যাকের এই সিদ্ধান্ত রাজ্যে বিধানসভা ভোটের মুখে রাজ্যের শাসকদল তৃণমূলকে বিপাকে ফেলল বলেই ধারণা ভোট-বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ সম্পূর্ণ নাটক, ভোট বঙ্গে প্যাকআপ আই প্যাক!
আইপ্যাক কর্তা গ্রেফতার
এ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে দু’দফায় – ২৩ এবং ২৯ এপ্রিল। আইপ্যাক ২০ দিনের বিরতির কথা বলেছে। ভোটকুশলী এই সংস্থার এই বিরতি-পর্বেই রাজ্যে চুকে যাবে নির্বাচন-পর্ব। গড়া হয়ে যাবে নয়া সরকারও (Assembly Election 2026)। প্রসঙ্গত, কয়লা কেলেঙ্কারির তদন্তের সূত্রে গত সোমবার নয়াদিল্লিতে আইপ্যাকের অন্যতম পরিচালক তথা সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছিল ইডি। তিনি এখন রয়েছেন কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই। এর আগে আইপ্যাকের কলকাতার দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ, তল্লাশি চলাকালীনই বেশ কিছু নথি তিনি ফাইলে করে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ আমরা ওদের চাকরি দেব, আইপ্যাক নিয়ে সরব মমতা
তৃণমূল সুপ্রিমো মমতার অভিযোগ, প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর থেকে তাঁর দলের নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা, গুরুত্বপূর্ণ এবং গোপন নথি ‘চুরি’ করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মামলাটি আপাতত দেশের শীর্ষ আদালতে বিচারাধীন। এহেন আবহেই পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল আইপ্যাক। এদিকে, কেন্দ্রীয় সংস্থার এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারি মামলায় তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থার ডিরেক্টরকে সোমবার রাতের দিকে আর্থিক তছরুপ বিরোধী আইনের (পিএমএলএ) আওতায় গ্রেফতার করা হয়েছে। দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে আইপ্যাকের এহেন সিদ্ধান্তে ঘোর বিপাকে তৃণমূলের ভোট ম্যানেজাররা। এখন দেখার, তৃণমূল এবার কীভাবে পার হয় আসন্ন বিধানসভার ভোট-বৈতরণী!



