পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্য নতুন রাজ্যপাল পেল । কয়েকটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দায়িত্বে এলেন নতুন উপ-রাজ্যপালরা । এর মধ্যে বাংলা, তামিলনাড়ু ও কেরল-সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে । তার আগেই এই বদল । রাষ্ট্রপতি ভবন সূত্রে পাওয়া তালিকা থেকে স্পষ্ট মূলত অ-বিজেপি শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে বদল এসেছে । কয়েকটি ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলেও এসেছে বদল ।
আরও পড়ুনঃ অজিত ডোভালের অন্যতম বন্ধু বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি; ‘স্তম্ভিত’ মমতা
বাংলার রাজ্যপাল পদে আচমকা ইস্তফা দেন সিভি আনন্দ বোস । বৃহস্পতিবার এ কথা প্রকাশ্যে আসে । দিল্লি গিয়ে তিনি পদ ছেড়েছেন বলে জানা গিয়েছে । তাঁর ইস্তফা ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । বাংলার নতুন সাংবিধানিক প্রধান হচ্ছেন আরএন রবি । গোয়েন্দা সংস্থা্র এই প্রাক্তন কর্তা এতদিন ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল ।
কোথায় কোথায় বদল ?
হিমাচল প্রদেশের রাজ্য়পাল প্রতাপ শুক্লা তেলেঙ্গানার রাজ্যপাল হচ্ছেন । দক্ষিণ ভারতের এই রাজ্য়টির রাজ্যপাল জিষ্ণু বর্মাকে পাঠানো হচ্ছে মহারাষ্ট্রে । নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন নন্দকিশোর যাদব । ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হুসেন এখন থেকে বিহারের রাজ্যপাল হিসেবে কাজ করবেন । কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার হচ্ছেন তামিলনাড়ুর সাংবিধানিক প্রধান । লাদাখের উপ-রাজ্যপাল কবিন্দ্র গুপ্তা হচ্ছেন হিমাচল প্রদেশের রাজ্য়পাল । দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা হচ্ছেন লাদাখের উপ-রাজ্যপাল । তরণজিং সিং সান্ধুকে আনা হল দিল্লির উপ-রাজ্যপাল পদে ।
আরও পড়ুনঃ আচমকা পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস
বিহারের দশবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ এবং তার আগে থেকে এই সম্ভাবনা নিয়ে গত দিন দুয়েক ধরে প্রবল তরজা হচ্ছিল জাতীয় রাজনীতিতে । এরইমধ্যে একলপ্তে একাধিক রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য উপ-রাজ্যপাল পদে বড়সড় রদবদল হল । স্বভাবতই রাষ্ট্রপতির এই ঘোষণা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা দেশের রাজনীতিতে
সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বাংলার রাজ্যপাল বদল নিয়ে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, সিভি আনন্দ বোসের এই আকস্মিক পদত্যাগের খবরে তিনি কার্যত হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চাপে বিজেপির স্বার্থ মতো কাজ করতে রাজি না-হওয়ায় রাজ্য়পাল বোসকে পদত্যাগ করতে হয়েছে ।
একইসঙ্গে নতুন রাজ্যপাল আরএন রবির নিয়োগ নিয়েও কয়েকটি অর্থবহ মন্তব্য করেছেন মমতা । তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বাংলার নতুন রাজ্যপালের নাম জানালেও কোনও আলোচনা করেননি । আর এই কারণে মমতা ক্ষুব্ধ হয়েছেন । বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এ নিয়ে তীব্র তরজা হয় রাজনৈতিক মহলে । রাতের দিকে জানা যায় বাংলা ছাড়া আরও কয়েকটি রাজ্যের রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল পদেও বদল এসেছে ।









