নৈহাটি থানার আইসি-কে সাসপেণ্ড। একইসঙ্গে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়। দুই ঘটনার মধ্যে মিল কোথায়? অভিযোগ, নৈহাটি থানার আইসি-র গাড়ি করে মনোনয়ন কেন্দ্রে গিয়েছিলেন। সেরকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর থেকেই বিতর্কে জড়িয়েছেন অশোক চট্টোপাধ্যায়।

বিষয়টা নজরে আসতেই তৎপর হয় নির্বাচন কমিশন। থানার আইসি-কে সাসপেন্ড করা হয়। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চড়ছে।
আরও পড়ুনঃ সুপ্রিম হুঁশিয়ারি! “রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি..”
সোমবার প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষদিন ছিল। গতকাল বহু প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দেও মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।

অভিযোগ, নৈহাটি থানার আইসি-র গাড়ি চড়ে ওই এসিডও অফিসে পৌঁছেছিলেন অশোক। অন্তত ভাইরাল হওয়া ভিডিয়োতে সেরকমই দেখা গিয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা। জানা গিয়েছে পুলিশের গাড়িতে নৈহাটি পুরসভার সিআইসি এবং সাংসদ পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিকও ছিলেন।

ঘটনার পরই নোটিস আসে নির্বাচন কমিশনের তরফে। নোটিসে বলা হয়, পুরসভার চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে করে এসিডও অফিসে পৌঁছানোর জন্য নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, তার বদলে নতুন আইসি হচ্ছেন প্রকাশ ধারা।
আরও পড়ুনঃ স্বপ্নার ‘স্বপ্নপূরণ’, দীর্ঘ টানাপোড়েন শেষে মনোনয়ন দাখিল



