পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্যে অন্তত ৩০ কোটি টাকার খরচ সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের জন্যে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের!
পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই এখন আর শুধু মিছিল, সভা বা দেওয়াল লিখনের মধ্যে সীমাবদ্ধ নেই। নির্বাচনের আগে লড়াই এখন পুরোপুরি ঢুকে পড়েছে ডিজিটাল দুনিয়ায়—বিশেষ করে Google এবং Meta (Facebook-Instagram) বিজ্ঞাপনের মাধ্যমে।
আরও পড়ুনঃ বাংলায় ‘ভোট না যুদ্ধ’? অবিশ্বাস্য বাহিনী মোতায়েন কমিশনের
সাম্প্রতিক তথ্য বলছে, শেষ ৯০ দিনে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মিলিয়ে অন্তত ৩০ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
Google Ads-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে সবচেয়ে বেশি খরচ করেছে Indian PAC Consulting Private Limited অর্থাৎ IPAC, যাদের তৃণমূল কংগ্রেসের প্রচারের সঙ্গে যুক্ত বলে ধরা হয়।
তাদের খরচ প্রায় ১৩.৮ কোটি টাকা। অন্যদিকে বিজেপির খরচ প্রায় ৭.১২ কোটি টাকা। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক বিজ্ঞাপন মিলিয়ে আরও প্রায় ১০ কোটির কাছাকাছি খরচ হয়েছে। অর্থাৎ শুধু Google প্ল্যাটফর্মেই মোট খরচ প্রায় ৩০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে।
আরও পড়ুনঃ ১৮ এপ্রিল শনিবার একাধিক ট্রেন বাতিল; ফের যাত্রী ভোগান্তি
Meta প্ল্যাটফর্মে (Facebook ও Instagram) ছবিটা একটু আলাদা হলেও প্রবণতা একই। এখানে খরচ ছড়িয়ে রয়েছে বিভিন্ন পেজে। BJP West Bengal পেজ থেকে প্রায় ৩.৮৬ কোটি টাকা খরচ হয়েছে। অন্যদিকে All India Trinamool Congress প্রায় ১.২৮ কোটি এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে প্রায় ১.৯৫ কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ Meta-তেও কয়েক কোটি টাকার ডিজিটাল প্রচার ইতিমধ্যেই হয়ে গেছে।
সব মিলিয়ে স্পষ্ট, এই নির্বাচন শুধু মাঠের লড়াই নয়, বরং ডেটা, অ্যালগরিদম এবং টার্গেটেড বিজ্ঞাপনের লড়াই। ভোটারদের কাছে পৌঁছনোর জন্য এখন সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। আর সেই কারণেই কোটি কোটি টাকা খরচ করে ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে দুই প্রধান রাজনৈতিক শক্তি—বিজেপি এবং তৃণমূল কংগ্রেস।
এই তথ্য আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন।



