দেশবাসীকে জ্বালানি খরচ কমানোর নির্দেশ। পেট্রোল-ডিজেল কম খরচ করতে কার পুলিং থেকে শুরু করে ট্রেন-মেট্রোর মতো গণপরিবহনে যাতায়াত বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনা কিনতে বারণ করেছেন, বিদেশ ভ্রমণও স্থগিত রাখতে বলেছেন। এবার নিজের জন্যও বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের কনভয়ে গাড়ির সংখ্যা (Convoy Size Cut) কমিয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের উপরেও। জ্বালানি সঙ্কট রুখতে এবং বিকল্প শক্তি ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। বাকিদের মতো প্রধানমন্ত্রী মোদী নিজেও জ্বালানি বাঁচানোর চেষ্টা করছেন। সেই কারণেই তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্য়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ৫০ শতাংশ গাড়ি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-কে নির্দেশ দিয়েছেন যে কনভয়ে যেন ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানো হয়। তবে তিনি এ কথাতেও জোর দিয়েছেন যে নতুন গাড়ি যেন কেনা না হয়।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই এসপিজি কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর চেষ্টা করছে, তবে ব্লু বুক অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সুরক্ষায় যাতে কোনও ঘাটতি বা খামতি না হয়, তাও নিশ্চিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের পরই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও তাদের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর পর অন্যান্য মন্ত্রী, মন্ত্রক এবং দপ্তরের ব্যবহৃত গাড়ির সংখ্যাও কমানো হচ্ছে বলে খবর। DoPT-র তরফে এ বিষয়ে নির্দেশিকা আসতে পারে বলে খবর। আপাতত বড় আকারের সরকারি অনুষ্ঠান এড়িয়ে চলার চেষ্টা করা হবে। কর্মীদের মেট্রোয় এবং পুলকারে যাতায়াতের আবেদন করতে চলেছে সরকার।


