অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বিকেলের দিকে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়িতে আসেন কেন্দ্রীয় সংস্থার দুই আধিকারিক। প্রাথমিকভাবে শান্তিনিকেতনে যান তাঁরা। তারপর আসেন কালীঘাটে। তবে সেইসময় অভিষেক বাড়িতে ছিলেন না। তৃণমূল ভেঙে খান-খান হয়ে যাওয়ার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন।
আরও পড়ুনঃ ত্রাহিরব তৃণমূলে, একা হয়ে গেলেন মমতা! কাকলির পথে শুভেন্দুর বৈঠকে ববি, ‘ধুরান্ধর’ কুণাল, নয়নারাও
CID থেকে ED- চক্রব্যূহে পড়ে গেলেন অভিষেক
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হাজিরার নোটিশ দিতে এসেছেন ইডির আধিকারিকরা। যে অভিষেককে ইতিমধ্যে বিধায়কদের জাল সই-কাণ্ডে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। গত সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু ডিম আক্রমণের পরে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে সেই তলব এড়িয়ে যান। তারপর ফের তাঁর বাড়িতে গিয়ে সমন দিয়ে আসে সিআইডি। আর তার কয়েকদিন পরেই ইডি হাজির হল অভিষেকের বাড়িতে।
আজ বিকেল পাঁচটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। দুজন ইডি কর্তা পৌঁছন সেখানে। তাঁদের হাতে রয়েছে একটি ফাইল। সেখানে লেখা সমন। অর্থাৎ হাজিরার নোটিস দিতে সেখানে এসেছেন অফিসাররা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই সেখানে এসেছেন গোয়েন্দারা।
আজ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাড়িটিতে পৌঁছন ইডি কর্তারা। তারপর তাঁরা জানতে পারেন ডায়মন্ড-হারবারের সাংসদ এখানে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছন। এ দিন আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন।
যেন গ্রেফতার করা না হয়, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
আর সেইসব ঘটনার মধ্যেই বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিআইডি–র জারি করা নোটিস খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
স্বাক্ষর জালিয়াতি মামলায় অস্বস্তিতে অভিষেক
বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিতে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই অভিষেককে হাজিরা দিতে বলা হয়। এই নোটিশের বৈধতাকেই এবার আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেতা। তাঁর আবেদনে নোটিস বাতিলের পাশাপাশি তদন্ত চলাকালীন কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জিও জানানো হয়েছে।



