বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরের পর এবার পঞ্জাবি আধিপত্য ও প্রশাসনিক বিভাজনের বিরুদ্ধে তীব্র বিদ্রোহের আগুন ছড়াল পাকিস্তানের সিন্ধুপ্রদেশেও। প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রদেশ বিভাজনের পরিকল্পনার বিরুদ্ধে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল প্রাদেশিক রাজধানী করাচি-সহ সিন্ধুর বিস্তীর্ণ অঞ্চল। বিক্ষোভকারীদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং প্রকাশ্যে স্বাধীনতার স্লোগান ওঠায় প্রদেশটিতে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র; সীমান্তে জারি ‘হাই অ্যালার্ট’
কী নিয়ে এই তীব্র বিক্ষোভ? পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশের বর্তমান চারটি প্রদেশ ভেঙে মোট ১৪টি প্রদেশ (পাঞ্জাবে ৪টি, সিন্ধুতে ৪টি, খাইবার পাখতুনখোয়ায় ৩টি এবং বেলুচিস্তানে ৩টি) গঠনের পরিকল্পনার কথা জানানোর পর থেকেই সিন্ধুপ্রদেশে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। স্থানীয় বাসিন্দা ও জাতীয়তাবাদী সংগঠনগুলির অভিযোগ, সিন্ধুকে চার টুকরো করার এই পদক্ষেপের নেপথ্যে সরাসরি ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক প্রতিষ্ঠানের কৌশল কাজ করছে।
করাচির রাজপথে জনসমুদ্র ও অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি মঙ্গলবার সিন্ধুপ্রদেশের ঐতিহ্যবাহী ‘আজ়রাক’ স্কার্ফ ও টুপি পরে লক্ষাধিক সিন্ধি জাতীয়তাবাদী বাণিজ্যিক রাজধানী করাচির রাস্তায় নেমে প্রদেশ বিভাজনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুতাহিদা মাহাজ’ (JSMM) আয়োজিত এই বিশাল কর্মসূচি থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে, ‘সিন্ধুর অখণ্ডতা আলোচনার ঊর্ধ্বে’। পাশাপাশি, পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী প্রদেশ পাঞ্জাবের বিরুদ্ধে খোলাখুলি অর্থনৈতিক অবরোধের হুমকিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার করাচি ছাড়াও সিন্ধুর একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ জ্বলছে ওপার বাংলা; উত্তপ্ত বাংলাদেশে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
চাপে শাসক জোট, সক্রিয় বিলাবল ভুট্টো প্রদেশ বিভাজনের প্রস্তাব ঘিরে সিন্ধুর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের আঁচ পেয়ে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের শাসক জোট। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর গুরুত্বপূর্ণ সহযোগী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র প্রধান বিলাবল ভুট্টো জারদারি ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন এবং জোর করে সিন্ধু বিভাজন না করার জন্য শাহবাজ় শরিফ সরকারকে কড়া বার্তা দিয়েছেন।
সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির জোটবদ্ধতা নিয়ে উদ্বেগ উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসের শুরুতে দীর্ঘ মতবিরোধ মিটিয়ে তিনটি সশস্ত্র বালোচ গোষ্ঠী—বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এবং বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)—একত্রে ‘ন্যাশনাল আর্মি অফ বালোচিস্তান’ (স্থানীয় ভাষায় ‘বালোচ রাজ়ি আজ়োই সিঞ্জর’ বা ব্রাস) নামে একটি যৌথবাহিনী গঠন করে। পরবর্তীতে সিন্ধুর বিদ্রোহী সশস্ত্র সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’ (এসআরএ) ওই যৌথবাহিনীতে শামিল হয়ে পঞ্জাবি আধিপত্যের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে সিন্ধুর সাম্প্রতিক গণবিক্ষোভ হিংসাত্মক রূপ নিলে তা প্রদেশটিতে বড়সড় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সঙ্কট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যমের একাংশ।


