দীর্ঘ দুই বছর পর অবশেষে বাংলাদেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র জানিয়েছেন যে আগামী ১৬ ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসেই তিনি দেশে ফিরতে চান। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতেই অবস্থান করছিলেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জটিলতা ও আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পদ্মাপারে গৃহযুদ্ধ! অশান্ত বাংলাদেশে জ্বলল ইউনুসের ১০০ গ্রামীণ ব্যাঙ্ক
মুখপাত্রের বিবৃতি ও অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রয়টার্স সূত্রে খবর, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি একটি বিবৃতিতে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশেরই একটি বিমানে করে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। এবার তাঁকে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশছাড়া করা হয়েছিল; তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা বর্তমান বাংলাদেশ সরকারেরই দায়িত্ব।
পাসপোর্ট আবেদন ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে নতুন করে উত্তেজনা ও অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বলে খবর। এখন ১৬ ডিসেম্বরের এই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেয় এবং কূটনৈতিক স্তরে কী সিদ্ধান্ত হয়, সে দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট সব মহলের।


