থেকে বাংলাদেশের দিকে যাওয়ার পথে বিপুল পরিমাণ কৌশলগত রাসায়নিকসহ একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ (MV Star Line) নামের ওই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। রকেটের কঠিন জ্বালানি এবং বিশেষ ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহারযোগ্য এই বিপুল পরিমাণ রাসায়নিকের চালানকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় কৌশলগত উপকরণের সরবরাহে চিনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের গন্তব্যে যাওয়া এই চালানের ওপর স্বাভাবিকভাবেই নজর রাখছে নয়াদিল্লি।
কীভাবে ধরা পড়ল জাহাজটি? ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয় এবং ২০ নভেম্বর বেলাওয়ানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অভিযানটি প্রকাশ্যে আনা হয়। নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ (KRI Sigalu-857) সমুদ্রপথে সন্দেহজনক ও অস্বাভাবিক গতিবিধি লক্ষ করে ‘এমভি স্টার লাইন’-এর পথরোধ করে। জানা গিয়েছে, জাহাজটি চিন থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল এবং জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার জলসীমায় অবস্থান করছিল।
নথিপত্রে বড়সড় অসংগতি ও তদন্ত নৌবাহিনীর তল্লাশিতে জাহাজটিতে থাকা মোট ৩৬টি কনটেনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের সন্ধান মেলে। শুধু রাসায়নিকের বিপুল মজুতই নয়, জাহাজটির নথিপত্রেও গুরুতর গরমিল ধরা পড়েছে। উপস্থাপিত কাগজপত্রে জাহাজের নিবন্ধনের মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত দেখানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিতে রেজিস্ট্রেশন স্থগিত থাকার তথ্য পাওয়া যায়। এর জেরে জাহাজটির বৈধতা এবং বিপজ্জনক সামগ্রী পরিবহণের অনুমোদন খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
সোডিয়াম পারক্লোরেট কেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? রাসায়নিক বিশেষজ্ঞদের মতে, সোডিয়াম পারক্লোরেট অত্যন্ত শক্তিশালী একটি অক্সিডাইজার বা জারক পদার্থ। এটি সরাসরি বিস্ফোরক না হলেও প্রক্রিয়াকরণের মাধ্যমে অ্যামোনিয়াম পারক্লোরেটের মতো উপাদান তৈরিতে কাজে লাগে, যা কঠিন জ্বালানিচালিত রকেট ও ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রে এর ব্যবহার থাকলেও দ্বৈত বা সামরিক ব্যবহারের সম্ভাবনার কারণে আন্তর্জাতিক মহলে এর পরিবহণ অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুনঃ রাসপূর্ণিমার আগেই পুণ্যার্থীদের জন্য বড় সুখবর; চালু হল শিলিগুড়ি-মায়াপুর ইসকন সরাসরি বাস পরিষেবা
চিন-ইরান প্রসঙ্গ ও গন্তব্য ঘিরে প্রশ্ন এই ঘটনার প্রেক্ষিতে চিন থেকে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল পাঠানোর পুরনো আলোচনাও ফের সামনে এসেছে। মার্কিন কংগ্রেসের অধীন ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে চিনের বন্দরে নোঙর করা দুটি ইরানি জাহাজে প্রায় ১ হাজার টন সোডিয়াম পারক্লোরেট তোলা হয়েছিল, যা দিয়ে আনুমানিক ২৬০টি ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি করা সম্ভব বলে প্রতিবেদনে জানানো হয়; যদিও ওই চালানের পুরোটাই ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার হয়েছিল কি না, তার কোনো প্রমাণ ওই রিপোর্টে দেওয়া হয়নি।
এবার বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন একই রাসায়নিক উদ্ধারের ঘটনায় এর প্রকৃত প্রাপক বা চূড়ান্ত ব্যবহারকারী কে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চালানটি বাংলাদেশের মংলা বন্দরে পৌঁছনোর কথা ছিল। পাশাপাশি বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাহাজটিতে লক্ষ লক্ষ অনিবন্ধিত ফাঁকা ৪জি সিম কার্ডও পাওয়া গিয়েছে। তবে সংশ্লিষ্ট রাসায়নিকের আমদানিকারক বা প্রকৃত মালিকের পরিচয় এখনও স্পষ্ট হয়নি।


