মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পরপর তিনটি ঘূর্ণিঝড়—‘অর্ণব’, ‘মুরাসু’ এবং সাম্প্রতিক ‘আকভান’-এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাজ্যের ফুল চাষ। আর তার সরাসরি প্রভাব পড়েছে অগ্রহায়ণ মাসের বিয়ের বাজারে। জোগান কমে যাওয়ায় খুচরো ও পাইকারি বাজারে ফুলের দাম একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে, যার জেরে বিয়ের মণ্ডপ ও ফুলশয্যার খাট সাজাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিয়ের লগ্নে চরমে ফুলের দর পঞ্জিকা অনুযায়ী, চলতি অগ্রহায়ণ মাসে মোট ৯টি বিয়ের লগ্ন রয়েছে। শনি ও রবিবারের লগ্ন পেরিয়ে এখনও ৭টি বিয়ের দিন বাকি। এর আগে ‘অর্ণব’ ও ‘মুরাসু’-র ধাক্কায় কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় ফুলের দাম চড়া ছিল। এবার ‘আকভান’-এর জেরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ার মতো প্রধান ফুল উৎপাদক জেলাগুলিতে বাগান নষ্ট হওয়ায় দাম আরও ঊর্ধ্বমুখী।
হাওড়ার মল্লিকঘাট এবং পূর্ব মেদিনীপুরের পাইকারি বাজারের বর্তমান দর অনুযায়ী:
-
বাসন্তী গাঁদার মালা (২০টি): জগদ্ধাত্রী পুজোর সময়ের ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫০–৮০০ টাকা।
-
বাসন্তী গাঁদা (ঝুরো): ১৫০–১৮০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
-
লাল গাঁদার মালা (৩ ফুট সাইজের ২০টি): দাম পৌঁছেছে ৬০০ টাকায় এবং ঝুরো লাল গাঁদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০–১১০ টাকায়।
-
গোলাপ (১০০টি): বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।
-
চন্দ্রমল্লিকা (এক ডজন): দাম ১১০ টাকা।
-
রজনীগন্ধা: প্রতি কেজি ১০০ টাকা এবং কমলা রঙের গ্ল্যাডিওলাস এক ডজন ৫০ টাকা দরে বিকোচ্ছে।
পাইকারি বাজারেই এই দর থাকায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিবহণ খরচ যুক্ত হয়ে ফুলের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।
আরও পড়ুনঃ ১২ ঘণ্টা ডেলিভারি, সপ্তাহান্তে ১৬! ব্লিঙ্কিটে প্রথম মাসেই ৩৯ হাজার টাকা আয় চণ্ডীগড়ের যুবকের
কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলের বাগান?সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানিয়েছেন, ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টির জেরে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, মোরগা ও রড-গ্ল্যাডিওলাসের মতো ডাঁটাযুক্ত ফুলের গাছগুলি হেলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি গাঁদা, দোপাটি ও অপরাজিতার মতো নরম প্রকৃতির গাছের গোড়ায় জল জমে বহু গাছ পচে মারা গিয়েছে। এছাড়া বৃষ্টির জল ঢুকে গাঁদা-সহ একাধিক ফুলের পাপড়িতে দাগ ধরে যাওয়ায় বাজারে ভালো মানের ফুলের তীব্র সংকট দেখা দিয়েছে।
মুখ্যমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ ও শস্য বিমার দাবি চরম লোকসানের মুখে পড়া ফুলচাষিদের বাঁচাতে শনিবার ই-মেইলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে ব্যবসায়ী সংগঠনটি। তাঁদের প্রধান দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং ফুলকে ‘অর্থকরী কৃষিপণ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি শস্য বিমা প্রকল্পের আওতাভুক্ত করতে হবে।


