মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১০ কোটি টাকার মানহানি নোটিশ
সোশ্যাল মিডিয়ায় লাইভে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ ২১ জুলাই আইনজীবী শ্রবণা সেনগুপ্তের মাধ্যমে ইমেইল ও স্পিড পোস্টে পাঠানো হয়।
আরও পড়ুনঃ “৫ ওয়াট ১০ ওয়াটের বাল্ব ভাবছে এখন হ্যালোজেন হয়ে গিয়েছি”; এখনও সেই ‘হম্বিতম্বি’ ভাইপোর গলায়
নোটিশে বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ৯:৪০ থেকে ১০:০০ পর্যন্ত মদন মিত্র তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে প্রায় ৭ মিনিটের বক্তব্যে অভিষেককে “অপরাধী” ও “খুনি” বলে উল্লেখ করেছেন। এতে অভিযোগ তোলা হয়েছে যে, মদন মিত্র ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করে অভিষেকের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, এই মন্তব্য কোনও আকস্মিক নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। এতে অভিষেককে হেয় করার চেষ্টা হয়েছে।
নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মদন মিত্রকে নিম্নলিখিত দুটি শর্ত মানার আহ্বান জানানো হয়েছে: ১. লিখিত ও ভিডিও বার্তায় নিঃশর্ত ক্ষমা চাওয়া। ২. ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, যা নিবন্ধিত একটি ট্রাস্টে জমা হবে এবং দলত্যাগী বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাজনৈতিক হিংসার শিকারদের পুনর্বাসনে ব্যবহৃত হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত না মানলে দেওয়ানি ও ফৌজদারি আদালতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।


