ভোটের লড়াই এবার চড়া সুর ছেড়ে ব্যক্তিগত আক্রমণ আর সিনেমাটিক সংলাপে মোড় নিল। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভার তথা উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অজয় পাল শর্মার কড়া দাওয়াইয়ের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন মহুয়া মৈত্র। অজয় পালের একটি কথিত ‘ডান্স ভিডিও’ শেয়ার করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের তির্যক মন্তব্য, “আশা করি আপনার পুলিশি দক্ষতা নাচের চেয়ে ভালো হবে!”
আরও পড়ুনঃ বুথে দাদাগিরি রুখতে নজিরবিহীন ব্যবস্থা? এই ৩ নম্বরে ফোন করলেই আসবে কেন্দ্রীয় বাহিনী!
মহুয়ার ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ তোপ
এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন মহুয়া মৈত্র, যেখানে এক যুবককে নর্তকীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা)। মহুয়ার দাবি, ওই যুবকই হলেন অজয় পাল শর্মা। আইপিএস-কে সরাসরি মেনশন করে মহুয়া লিখেছেন, “ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, ফ্যান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে ভালো লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল।”
ফলতায় ‘সিংহম’ বনাম ‘পুষ্পা’
সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে অজয় পালের সেই ভাইরাল হুঁশিয়ারি, “বদমাইশি করলে ইলাজ হবে” নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে। এই ‘সিংহম’ অবতারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন জাহাঙ্গীর খানও। তাঁর সাফ কথা, “উনি যদি উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক হয়ে ‘সিংহম’ হন, তবে আমরাও এক একজন ‘পুষ্পা’। মাথা নত আমরা করব না।” কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধেই তাঁরা লড়াই করবেন বলে জানান জাহাঙ্গীর।
আরও পড়ুনঃ প্রকাশিত SIR ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারের দ্বিতীয় লিস্ট, এখানেই নাম চেক করুন
প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে একজন পুলিশ অবজার্ভারের প্রার্থীর বাড়িতে ঢুকে এহেন আচরণকে ‘এক্তিয়ার বহির্ভূত’ বলে দাবি করছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি এই আইপিএস-এর কড়াকড়িকে সাধুবাদ জানালেও, মহুয়ার পোস্ট করা ভিডিও বিতর্ককে অন্য মাত্রা দিয়েছে।
বুধবার দ্বিতীয় দফার মহারণ। তার আগে ফলতার মাটিতে এনকাউন্টার স্পেশালিস্টের দাওয়াই কাজ করে, নাকি ‘পুষ্পা’ মেজাজে তৃণমূল গড় রক্ষা করে, নজর এখন সেদিকেই।


