গত কয়েক দিনের কালবৈশাখীর স্বস্তি কাটিয়ে ফের একবার তপ্ত হতে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির ধারা শুরু হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মূলত শুষ্ক পশ্চিমী বায়ুর দাপটেই আবহাওয়ার এই ভোলবদল।
আরও পড়ুনঃ ভোট বঙ্গে সক্রিয় ইডি, গ্রেফতার আইপ্যাক কর্তা; বিপাকে তৃণমূল
চৈত্র মাসের শেষে আর্দ্রতা ও ভ্যাপসা গরমের দাপট শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের আশঙ্কায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।
গরমের দাপট বাড়লেও বাংলা নববর্ষের আবহে বৃষ্টির সামান্য আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ১৪ থেকে ১৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে স্থানীয়ভাবে মেঘ সঞ্চারের ফলে এক-আধ পশলা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে। উল্টে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অস্বস্তিকর গরম আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের দিনগুলিতে দক্ষিণবঙ্গবাসীকে মূলত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির মোকাবিলা করতে হবে। বঙ্গবাসী যখন উৎসবের প্রস্তুতিতে মগ্ন, তখন প্রকৃতির এই রুদ্ররূপ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের। আবহাওয়াবিদদের পরামর্শ, গরম থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।



