সদ্য পালাবদল হয়েছে রাজ্যে। তারপর থেকেই ক্রমাগত অস্বস্তি বেড়ে চলেছে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসে। একের পর এক অভিযোগে বিদ্ধ হতে হচ্ছে পূর্বের শাসকদল। এরই মধ্যে এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল টাকা নয়ছয়ের অভিযোগ।
আরও পড়ুনঃ কেঁচো খুঁড়তে কেউটে; স্ক্যানারে এবার “ভাইপোবাবু”
আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয় করেছে মমতা, এমনটাই অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীর বড় অভিযোগ, আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় ‘সবুজ সাথী’র সাইকেল বিলি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষুদিরাম টুডু বলেন, “এটা তৃণমূলের হাতের এক। আমরা অঙ্ক কষি না হাতের এক! এটা তৃণমূলের হাতের এক ছিল, সংখ্যালঘু বিভাগটা। সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন।”
এখানেই শেষ নয়, “ভাবতে অবাক লাগে। আজ আদিবাসী উন্নয়নের যে টাকা, সেই টাকা দিয়ে তিনি সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে।” উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘সবুজসাথী’ প্রকল্প চালু করে। তারপর থেকে প্রতি বছরই এই সরকারি প্রকল্পের মাধ্যমে নবম শ্রেণিতে ওঠার পর বিনামূল্যে সাইকেল দেওয়া হত পড়ুয়াদের।
আরও পড়ুনঃ পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তদের; এবার দামী হল পাউরুটি
এবার ক্ষমতায় এসেই বিজেপি সরকারের অভিযোগ, আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয় করে এই সাইকেল বিতরণ করেছেন মমতা। ক্ষুদিরাম টুডু বলেন, “দুর্ভাগ্যজনক ভাবে…আমি আধিকারিকদের অর্ডার দিয়েছি, এগুলোর তদন্ত করুক। আদিবাসী উন্নয়নের টাকা কেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে?”
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলযাত্রার হুঁশিয়ারি দিয়ে ক্ষুদিরাম টুডুর বক্তব্য, “যারা দোষী সাব্যস্ত হবে, তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দোষী প্রমাণিত হলে জেলে যেতে হবেই। এটা কেউ রুখতে পারবে না। যেই হোন না কেন, যত বড় অফিসারই হোন না কেন, আইএএস আইপিএস চুনোপুঁটি…সবাই শাস্তি পাবে।”



