কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
কথা রাখল সরকার, ঝাড়গ্রাম থেকে কলকাতা, দিঘা, দুর্গাপুর, বাঁকুড়া শিলিগুড়ি ‘ফ্রি’ বাসযাত্রা, সকাল থেকে মহিলাদের মুখে চওড়া হাসি।
আরও পড়ুনঃ আজ থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াত মহিলাদের
আজ সোমবার, ১ জুন! নতুন মাসের প্রথম দিন, নতুন সপ্তাহেরও সূচনা। আর সেই দিনটিকেই প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। একদিকে যেমন ওই দিন রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে, তেমনই শুরু হচ্ছে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের বাস্তবায়ন। লোক ভবনে মন্ত্রিসভার সম্প্রসারণের মাধ্যমে সরকারের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পেতে চলেছে। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ক্লিক করুন এই লিঙ্কে; শুরু অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ
সোমবার সকাল থেকেই রাজ্যের সমস্ত ধরনের সরকারি বাসে রাজ্যের মহিলা নাগরিকদের জন্য সম্পূর্ণ নিখরচায় যাতায়াতের পরিষেবা চালু হচ্ছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবা নির্বিঘ্নে চালু করার জন্য ইতিমধ্যেই বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি বাস টার্মিনালে রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকদের বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিষেবা সংক্রান্ত যে কোনও সমস্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।
জিরো ভ্যালু টিকিট-
রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যে ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ফ্রি করে দেওয়া হবে। তা সে যত দূরত্বেরই হোক না কেন। মহিলাদের নিখরচায় বাসে যাতায়াতের জন্য তৈরি করতে হবে পিঙ্ক কার্ড বা স্মার্ট কার্ড। সেই কার্ড কন্ডাক্টরকে দিলে তিনি ই-পশ (e-POS) মেশিনে সোয়াইপ করে একটি জিরো ভ্যালু টিকিট দেবেন।
আপাতত যেহেতু এই কার্ড চালু হয়নি, তাই আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো সরকারি পরিচয়পত্র দেখালেই মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে যাবে।
দূরপাল্লার বাসে ফ্রি টিকিট কোথা থেকে পাবেন?
অল্প দূরত্বের বাসে উঠেই সবাই টিকিট কাটেন। তাই পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করার বিষয়টি বুঝতে পারছেন সকলে। কিন্তু দূরপাল্লার বাসে ভ্রমণের ক্ষেত্রে কী হবে? কেউ যদি দীঘা বা দার্জিলিং যেতে চান সরকারি বাসে, তাহলে ওই মহিলা যাত্রীকে সরকারি বাস ডিপোয় যেতে হবে। সেখানে পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট (Zero Value Ticket) সংগ্রহ করতে হবে।
মহিলাদের প্রতিক্রিয়া-
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব খুশি মহিলারা। তাদের বক্তব্য, “এই সরকার আমাদের মেয়েদের কথা ভেবেছে। এতদিন বাবার কাছে বা স্বামীর কাছে হাত পাততে হত দরকারে, এই নিয়ম হওয়াতে খুব খুশি।” আরেক মহিলা যাত্রী বলেন, “কাউন্টারে টিকিট কাটতে এসেছিলাম, বলল মহিলাদের টিকিট লাগবে না। একটা কার্ড দেওয়া হবে। সেটা এখনও হয়নি বলে আপাতত আধার কার্ড দেখালেই ফ্রি-তে যাতায়াত করা যাবে।”
এক যুবতীর যদিও বক্তব্য, এই উদ্যোগ খুব ভালো হলেও, যাদের সামর্থ্য আছে, তাদের বাসের ভাড়াটা দিয়ে দেওয়া উচিত।



