বাংলার মহিলাদের জন্য সুখবর। আজ থেকে সরকারি বাসে যাতায়াত করতে আর টাকা লাগবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো আজ, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে।
নিখরচায় সরকারি বাসে যাতায়াতের সুবিধা রাজ্যের সমস্ত ছোট রুটে যেমন পাওয়া যাবে, তেমনই দূরপাল্লার সরকারি বাসেও প্রযোজ্য। অর্থাৎ দীঘা থেকে দার্জিলিং বা হাওড়া থেকে মানিকতলা- NBSTC, SBSTC, WBTC বা CTC-র বাসে আজ থেকে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুনঃ সবুজ-মেরুন ছাড়লেন ডেগি কার্ডোজো
এই সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। যাতায়াতের সময় আপনার কী কী নথি লাগবে এবং কীভাবে এই সুবিধা পাবেন, তা বলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য দেওয়া হবে ‘পিঙ্ক কার্ড’। এটি আসলে স্মার্ট কার্ড, যা দেখিয়ে সরকারি বাসে ভ্রমণ করা যাবে।
এই কার্ডটি মূলত ‘ফ্রি ট্রাভেল পাস’ হিসেবে কাজ করবে। বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছে থাকা ই-পশ (e-POS) মেশিনে এই কার্ডটি সোয়াইপ বা কিউআর (QR) কোড স্ক্যান করিয়ে মহিলারা বিনামূল্যে ‘জিরো-ভ্যালু টিকিট’ সংগ্রহ করতে পারবেন। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে এই কার্ডটি চালু করা হয়েছে।
যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্মার্ট কার্ড তৈরির জন্য কোনও নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি।
এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এটি তৈরি বা পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হবে না। তবে মনে রাখতে হবে, এই কার্ডটি হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ, যাঁর নামে কার্ড ইস্যু হয়েছে, শুধুমাত্র তিনিই এটি ব্যবহার করতে পারবেন। তাঁর পরিবারের অন্য কেউ এটি ব্যবহার করে ফ্রি-তে যাতায়াত করতে পারবেন না।
অফলাইনে নিকটবর্তী বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস বা পুরসভা (Municipality) অফিস থেকে ফর্ম তুলে আবেদন করা যাবে। এছাড়া সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টাল থেকেও এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুনঃ আজ রাজ্যের লোক ভবনে ৩৫ মন্ত্রীর শপথ
প্রয়োজনীয় নথি: আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
তবে এখনও যেহেতু স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড তৈরি হয়নি, তাই আজ থেকে যে সরকারি বাসে উঠতে পারবেন না বা ফ্রি-ত যাতায়াত করতে পারবেন না, তা নয়। আপাতভাবে স্মার্ট কার্ড পাওয়ার আগে পর্যন্ত, পরিচয়পত্র দিয়েই ফ্রি-তে ভ্রমণ করা যাবে। বাসে উঠে কন্ডাক্টরকে আইডি কার্ড দেখালে তিনি একটি ‘জিরো-ভ্যালু টিকিট’ দেবেন।
সরকার অনুমোদিত ছয়টি পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি দেখালেই নিখরচায় সরকারি বাসে ভ্রমণ করা যাবে। এগুলি হল:
- আধার কার্ড (Aadhaar Card)
- ভোটার কার্ড (Voter ID / EPIC)
- প্যান কার্ড (PAN Card)
- ড্রাইভিং লাইসেন্স (Driving Licence)
- পাসপোর্ট (Passport)
- গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কার্ড (MGNREGA Job Card)
- ছবিসহ যেকোনও সরকারি বা পেনশন নথি



