ঠান্ডার শিরশিরানি নেই । বেলার রোদ যথেষ্ট গায়ে অনুভূত হচ্ছে । মাঘ মাসের মাঝামাঝিতেই শীত কার্যত গায়েব বললেও ভুল হবে না । যদিও ভোর এবং সূর্য ডোবার পরে সন্ধে থেকে রাত পর্যন্ত ঠান্ডার হালকা অনুভূতি রয়েছে । তবে তাতে শীতের ছাপ নেই ৷ বরং বসন্তের আগমনীর ইঙ্গিত রয়েছে ।
গায়ে হালকা গরম জামাকাপড় দিয়ে বর্তমান ঠান্ডার পরিস্থিতি সামলানো যাচ্ছে । গত কয়েকদিন ধরে পারদের ওঠা নামা চলছে রাজ্যে । সরস্বতী পুজোর সময় পারদ নেমেছিল সামান্য । এখন ফের তা স্বাভাবিকের ওপরে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যে কোথাও তাপমাত্রায় বড়সড় বদলের সম্ভাবনা নেই । সকালের দিকে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে ।
আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ভোর এবং সকালে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 এবং 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপটের পূর্বাভাস দেওয়া হয়েছে । কোথাও কোথাও দৃশ্যমানতা 999 থেকে 200 মিটারে নেমে যেতে পারে ।
তবে উত্তরবঙ্গে ছবিটা দক্ষিণবঙ্গের তুলনায় ভিন্ন । ঠান্ডার সঙ্গে সেখানে কুয়াশার দাপট অব্যাহত থাকবে । হাওয়া অফিসের পূর্বাভাস জানিয়েছে, আগামী চারদিন কুয়াশার দাপট চলবে । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে । দৃশ্যমানতা নেমে যেতে পারে 199 থেকে 50 মিটার পর্যন্ত । তাই ভোর বা সকালের দিকে যারা বাইকে বেরোন তাদের সতর্কতার সঙ্গে রাস্তায় চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যাতে দৃশ্যমানতা কমের জেরে দুর্ঘটনা এড়ানো যায় ৷
আরও পড়ুনঃ “আমি সেই মেয়ে”! এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা
সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান দখল করেছে সিউড়ি ৷ এদিন সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান ছিল মাঝিয়ান ৷ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস । অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গের সমতলের সর্বনিম্ন দুই তাপমাত্রাই সিঙ্গল ডিজিটে নেই । তবে দার্জিলিংয়ে ঠান্ডা এখনও জাঁকিয়ে । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 03.06 ডিগ্রি সেলসিয়াস ।
সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.06 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.09 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.06 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 00.03 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 83 এবং সর্বনিম্ন 43 শতাংশ ।









