ভারতের রাজনীতিতে নজিরবিহীন রেকর্ড। রবিবার ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন। টপকালেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং–এর রেকর্ড।
এপর্যন্ত টানা ২৪ বছর অর্থাৎ ৮,৯৩০ দিন ক্ষমতায় থেকে শীর্ষে ছিলেন চামলিং। এবার ৮,৯৩১ দিন পূর্ণ করে সেই রেকর্ড ভাঙলেন মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সম্মিলিত মেয়াদ ধরেই এই হিসেব করা হয়েছে। এই সাফল্য শুধু সময়ের নিরিখে নয়, রাজনৈতিক ধারাবাহিকতা এবং জনসমর্থনেরও বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ফের ২৬/১১ র মত হামলার সম্মুখীন হবে ভারত! ‘হুমকি’ পাকিস্তানের
গুজরাতের ভদনগরের সাধারণ পরিবার থেকে উঠে আসা মোদীর রাজনৈতিক পথচলা যথেষ্ট উল্লেখযোগ্য। ছোটবেলায় বাবার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি করা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং পরে ভারতীয় জনতা পার্টি–র সংগঠনে নিজের জায়গা তৈরি করেন তিনি।
২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং এক দশকেরও বেশি সময় সেই পদে ছিলেন। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখনও পর্যন্ত তিনি গুজরাতের দীর্ঘতম মেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। আর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।
২০১৪, ২০১৯ এবং ২০২৪—টানা তিনবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করেছেন মোদী। এই ধারাবাহিক জয়ের নিরিখে তিনি জওহরলাল নেহরু–র কীর্তির সঙ্গেও সমতা টেনেছেন।
আরও পড়ুনঃ ‘গলা শুকিয়ে মারব’! হুমকি ইরানের
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ইন্দিরা গান্ধী–কে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী হন মোদী। টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়েন তিনি, যেখানে ইন্দিরার মেয়াদ ছিল ৪,০৭৭ দিন।
তবে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে এখনও শীর্ষে রয়েছেন জওহরলাল নেহরু।
একই সঙ্গে মোদীই প্রথম অ-কংগ্রেস নেতা, যিনি পরপর দু’বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। ১৯৭১ সালের পর তিনিই প্রথম বর্তমান প্রধানমন্ত্রী, যিনি টানা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
সব মিলিয়ে, দীর্ঘ রাজনৈতিক যাত্রা, ধারাবাহিক জনসমর্থন এবং প্রশাসনিক অভিজ্ঞতার জোরে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী।



