ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল বিধানসভায় ভোটগ্রহণের মাঝেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। জগদ্দলের পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৪ নং বুথের খুব কাছ থেকেই একটি পাইপগান উদ্ধার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির অভিযোগ
অস্ত্র উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তাঁর সরাসরি অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ভোটারদের মনে ত্রাস সৃষ্টি করতে এবং ভোটদান প্রক্রিয়া ব্যাহত করতে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল। বিজেপি প্রার্থীর দাবি, বুথের কাছে এভাবে অস্ত্র উদ্ধার প্রমাণ করে দিচ্ছে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। তিনি অবিলম্বে দোষী দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ রউফ মোল্লাকে তুলে নিল পুলিশ
তৃণমূলের পাল্টা
বিজেপির এই অভিযোগকে অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তাদের পাল্টা দাবি, এলাকা অশান্ত করতে এবং কেন্দ্রীয় বাহিনীর নজর টানতে বিজেপিই এই চক্রান্তের নেপথ্যে থাকতে পারে।
আরও পড়ুনঃ পুলিশের আজ অন্য রূপ দেখছে বাংলা! মমতার ভাই কার্তিককে হুঁশিয়ারি কলকাতা পুলিশের
পুলিশি তৎপরতা
শিবদাসপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বুথের আশেপাশে কোনও বহিরাগত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার জেরে ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি, তবে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী।


