বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামার পরামর্শ দিল সিপিআই (এম-এল) লিবারেশন। শনিবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বাম ও অতিবামদের নিয়ে জোট বাঁধার প্রস্তাবের প্রেক্ষিতে সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে, ইন্ডিয়া। সেই জোটে কংগ্রেস, তৃণমূল, বামপন্থীরা সবাই আছে। পশ্চিমবঙ্গে বিজেপির সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকেই আন্দোলনে রাস্তায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামুন। রাস্তাতেই সব বিরোধীদের দেখা হবে।’
আরও পড়ুনঃ ‘হাটে হাঁড়ি ভাঙল’ SSC! প্রকাশ করা হল ওএমআর শিট
আর তিনি সেই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবের প্রেক্ষিতে। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও পাঁচ মন্ত্রীর শপথের দিনেই রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ভয় না পেয়ে বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছে, তৃণমূল কংগ্রেস থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য, (তাহলে গ্রহণ) করবেন। তা নাহলে করবেন না। এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই।’
সেইসঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘এমনকী আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়েই চলতে চাই। আজ যা অবস্থা, আজ যা অবস্থা, তাতে যদি বিজেপিকে রুখতে হয়, তাহলে লেফটিস্ট সবাইকে, আল্ট্রা-লেফট সবাইকে….আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, জাতীয় পার্টির সবাইকে, যার যতটুকু শক্তি আছে। দিল্লিতেও আমরা লড়াই করছি, তেমন বাংলাতেও আমরা জোট বাঁধব। যদি কোনও রাজনৈতিক দল এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চান, আমি চারটে থেকে ছ’টা পর্যন্ত অফিসে আছি। আমায় জানাবেন, আমি নিশ্চয়ই কথা বলব।’
আরও পড়ুনঃ ‘মমতা ব্যানার্জী ঈশ্বরও নন, আইনের ঊর্ধ্বেও নন’! রণহুঙ্কার অগ্নিমিত্রার
যদিও মমতার সেই প্রস্তাব খারিজ করে দেয় সিপিআইএম। শনিবারই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছেন মমতাই। দেশে বিজেপি বিরোধিতার সময় তাঁর দল দূরত্ব বজায় রেখে চলত। ফলে বিজেপি বিরোধিতার প্রশ্নে মমতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সুজন। তাঁর কথায়, ‘বিজেপি যে একটা ভয়ংকর শক্তি, একটা ফ্যাসিবাদী শক্তি, মানুষ এটা ক্রমশ বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে বাংলা তার সভ্যতা, সংস্কৃতি সবমিলিয়ে বিজেপিকে রুখতে হবে – এটা নিয়ে কোনও সন্দেহ নেই। বামপন্থী শক্তি মানুষকে সঙ্গে নিয়েই সেই কাজ করবে। সমস্ত মানুষকেই সেই দায়িত্ব পালন করতে হবে – এটা নিয়ে কোনও সন্দেহ নেই।’


