ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ম্যাচে দুরন্ত বোলিং করে পাঁচ উইকেট তুলে নেন তিনি। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সেই ৬৪ রানে জয় পায় ভারত। একইসঙ্গে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও নিজের নামে করে নিলেন দীপ্তি।
রবিবার ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এই ম্যাচের পর তাঁর মোট টি-টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট সংখ্যা দাঁড়াল ১৬৬। এর ফলে তিনি টপকে গেলেন থাইল্যান্ডের থিপাচা পুত্তাওংকে, যার ঝুলিতে ছিল ১৬৫ উইকেট।
আরও পড়ুনঃ কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দুরন্ত সূচনা জার্মানির
মহিলা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট:
১) ১৬৬ – দীপ্তি শর্মা (ভারত)
২) ১৬৫ – থিপাচা পুত্তাওং (থাইল্যান্ড)
৩) ১৬০ – হেনরিয়েট ইশিমওয়ে (রুয়ান্ডা)
৪) ১৫২ – মেগান শাট (অস্ট্রেলিয়া)
৫) ১৪৮ – ও কামচমফু (থাইল্যান্ড)
শুধু তাই নয়, মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় ক্রিকেটারও হলেন দীপ্তি। এর আগে ২০২৩ সালে রেণুকা সিং এবং ২০০৯ সালে প্রিয়াঙ্কা রায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ভারতের মহিলা ক্রিকেটারদের বিশ্বকাপে পাঁচ উইকেট:
৫/১০ – দীপ্তি শর্মা বনাম পাকিস্তান, বার্মিংহাম, ২০২৬
৫/১৫ – রেণুকা ঠাকুর বনাম ইংল্যান্ড, ২০২৩
৫/১৬ – প্রিয়াঙ্কা রায় বনাম পাকিস্তান, ২০০৯
আরও পড়ুনঃ দিঘায় চাঁদা নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি? ইঙ্গিত শুভেন্দুর
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে। স্মৃতি মন্ধানা ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া হরমনপ্রীত কৌর ৩৬ রান করেন। শেষদিকে রিচা ঘোষ মাত্র ১৭ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভারতের স্কোর আরও বাড়িয়ে দেন।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভালো করলেও পরে ভারতীয় স্পিন আক্রমণের সামনে ভেঙে পড়ে। দীপ্তির পাশাপাশি শ্রী চারণিও তিনটি উইকেট নেন। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
এই জয়ের ফলে বিশ্বকাপে ভারতের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। আগামী ১৭ জুন লিডসের হেডিংলেতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় মহিলা দল।


