আমেদাবাদ বিমানবন্দরে রানওয়েতে দুটি যাত্রীবাহী বিমান মুখোমুখি চলে আসায় বুধবার সন্ধ্যায় এক চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়ায়। এয়ার ইন্ডিয়ার একটি বিমানের চালক ভুল ভাবে টার্ন নেওয়ার কারণেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প; রাস্তায় হাজারো মানুষ
ঘটনাটি ঘটেছিল মুম্বই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমান এবং আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার জন্য প্রস্তুত ইন্ডিগোর একটি বিমানের মধ্যে। রানওয়ের একই ট্যাক্সিওয়েতে বিমান দুটি মুখোমুখি চলে এলেও, চালকদের তৎপরতায় নির্দিষ্ট দূরত্ব বজায় থাকায় কোনো সংঘর্ষ ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষিতভাবে নামিয়ে আনা সম্ভব হয়।
আরও পড়ুনঃ বউবাজার বিস্ফোরণকাণ্ডের রশিদের মুক্তির সুপারিশ করেছিল মমতার সরকার!
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার ‘AI2493’ বিমানটি আমেদাবাদে অবতরণ করে। অবতরণের পর এটিসি (ATC)-র পক্ষ থেকে বিমানটিকে রানওয়ের ৩৪-এল (Stand 34L) নম্বর স্ট্যান্ডের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিমানটি ভুলবশত ভুল দিকে মোড় নেয় এবং ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে আসা মুম্বইগামী ইন্ডিগো বিমানের লাইনে চলে আসে। দুটি বিমানকে একদম মুখোমুখি হতে দেখে তৎক্ষণাৎ এটিসি কর্তৃপক্ষ ইন্ডিগোর বিমানটিকে থামার নির্দেশ দেয় এবং এয়ার ইন্ডিয়ার বিমানটিকে পুশ-ব্যাক করিয়ে নির্দিষ্ট পার্কিং বে-তে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের পাইলটের ভুলের কথা স্বীকার করে নিয়েছে। তবে এই ঘটনায় যাত্রী বা ক্রু মেম্বারদের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি বলে দাবি করেছে বিমান সংস্থাটি।


