Thursday, 25 June, 2026
25 June
Homeআন্তর্জাতিক নিউজVenezuela: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প; রাস্তায় হাজারো মানুষ

Venezuela: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প; রাস্তায় হাজারো মানুষ

৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ ব্রাজিল ও কলম্বিয়াতেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। মাত্র এক মিনিট পর একই অঞ্চলে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে ভূমিকম্প দুটি আঘাত হানে। রাজধানী কারাকাসে বহুতল ভবনগুলো প্রবলভাবে দুলতে শুরু করলে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসে। শহরের বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনা দেখা গেছে। কোথাও কোথাও ধুলোর বিশাল মেঘ আকাশে ছড়িয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এবং ধ্বংসস্তূপ জমে যাওয়ায় অনেক রাস্তা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ আসিম মুনিরকে হত্যার ছক? বিস্ফোরক দাবি

ভূমিকম্পের পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে অনেক পরিবার তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে পড়ে যায়। রাত নামার পরও বহু মানুষ রাস্তায় অবস্থান করছিলেন। কেউ কেউ পোষা প্রাণী নিয়ে খোলা জায়গায় বসে ছিলেন। কারাকাসের বাসিন্দা হেক্টর রিচ্চি বলেন, ‘প্রথমে হালকা কম্পন অনুভূত হয়েছিল। পরে তা ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সবাইকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয়।’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানান, রাজধানীর আলতামিরা এলাকায় বেশ কয়েকটি ভবন ও বাড়ি ধসে পড়েছে। সেখানে আহতের ঘটনাও ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সকে দ্রুত কাজ করার সুযোগ দিতে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি সম্ভাব্য আফটারশকের কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তবে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও সরকারিভাবে হতাহতদের সংখ্যা জানানো হয়নি। এ নিয়ে বিরোধী রাজনৈতিক নেতারা সরকারের সমালোচনা করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেস বলেন, ‘তথ্যের অভাব মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে।’

আরও পড়ুনঃ বউবাজার বিস্ফোরণকাণ্ডের রশিদের মুক্তির সুপারিশ করেছিল মমতার সরকার!

নির্বাসিত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেনেজুয়েলার মানুষের জন্য প্রার্থনা করেন। অন্যদিকে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ও মার্কিন কংগ্রেস সদস্য মারিয়া এলভিরা সালাজারও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ভূমিকম্পের প্রভাব ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে ব্রাজিলের আমাজন অঞ্চলের মানাউস, বেলেম ও মাকাপা শহর পর্যন্ত পৌঁছায়। নিরাপত্তার কারণে সেখানকার বহু ভবন খালি করা হয়। কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলেও কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পের পর ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কলম্বিয়া জানিয়েছে, তাদের উপকূলে সুনামির কোনো ঝুঁকি নেই। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় এত শক্তিশালী ভূমিকম্প খুবই বিরল। গত এক শতাব্দীর মধ্যে এটি দেশটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন