সপ্তাহের শেষেই বিপত্তি কলকাতা মেট্রোয়। শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হলো মেট্রো পরিষেবা। শনিবার সকালের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
আরও পড়ুনঃ দেশটাই কি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে! আবার শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ঠিক ৭টা ২০ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি আত্মহত্যার উদ্দেশ্যে লাইনে ঝাঁপ দেন। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং উদ্ধারকাজে নামেন মেট্রো কর্মীরা।
এই দুর্ঘটনার জেরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সম্পূর্ণ ব্লু লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তবে যাত্রীদের যাতায়াত সচল রাখতে দ্রুত ‘ট্রাঙ্কেটেড’ বা আংশিক পরিষেবা চালু করে কর্তৃপক্ষ। সেই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ট্রেন চালানো হয়।
মেট্রো রেলের কর্মী ও আরপিএফ-এর তৎপরতায় লাইনে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর লাইনের পরিস্থিতি খতিয়ে দেখে সকাল ৭টা ৪৪ মিনিটে ফের সম্পূর্ণ ব্লু লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় মাত্র ২৪ মিনিটের মাথায় পরিষেবা স্বাভাবিক হলেও, সকালের এই আকস্মিক বিভ্রাটে ঝক্কি পোহাতে হয় শত শত যাত্রীকে।


