রামনবমী-পরবর্তী অশান্তির তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তৎপরতার মধ্যেই নতুন আইনি জটিলতায় জড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার । তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ শাকির আলিকে এনআইএ গ্রেফতার করার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপরূপার বিরুদ্ধে মামলা দায়ের করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট । বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ বিশেষ প্রস্তুতি; ৩ জুলাই শুরু ৫৭ দিনের অমরনাথ যাত্রা
মঙ্গলবার সকালে চার ভ্যান কেন্দ্রীয় বাহিনী নিয়ে রিষড়ায় অপরূপার বাড়িতে পৌঁছন এনআইএ-র আধিকারিকেরা । প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শাকির আলিকে গ্রেফতার করা হয় । তদন্তকারী সংস্থার দাবি, ২০২৩ সালের রামনবমী-পরবর্তী হিংসার মামলার তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ । তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ রাউন্ড কার্তুজ, খবর এনআইএ সূত্রে ৷
শাকিরকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে স্লোগানও ওঠে । অভিযোগ, সেই সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পিছনে অপরূপা পোদ্দারের ভূমিকা ছিল । পুলিশের দাবি, তাঁর উস্কানিতেই বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন । সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে ।
চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । তদন্তের স্বার্থে তাঁকে বুধবার তলব করা হয়েছে ।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রাক্তন সাংসদ বলেন, “বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে । ভগবানের উপর বিশ্বাস আছে, তিনিই বিচার করবেন ।” সংবাদমাধ্যমের সামনে তাঁর ছেলে কিছু বলতে গেলে বিতর্ক এড়াতে অপরূপাকে ছেলের মুখ চেপে ধরতেও দেখা যায় । পরে এক মহিলা পুলিশকর্মীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আমার কোনও পুলিশ প্রোটেকশন লাগবে না ।”
এ দিন শাকির আলিকে নিয়ে যাওয়ার সময় এলাকার বহু বাসিন্দা তাঁর সমর্থনে সরব হন । এক বাসিন্দার দাবি, “শাকির আলি আমাদের কাছে ভগবানের মতো । গরিব মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন । আমার মাথার উপর ছাদ ছিল না, উনিই ঘর করে দিয়েছেন ।” স্থানীয়দের একাংশের অভিযোগ, তিন বছর আগের ঘটনায় এখন গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে । তাঁদের প্রশ্ন, যদি অভিযোগ এতটাই গুরুতর হয়, তা হলে এতদিন পরে কেন এই পদক্ষেপ ?
আরও পড়ুনঃ রোদেই রান্না হচ্ছে ডিম! গলছে রাস্তা-ট্রামলাইন, নজিরবিহীন তাপপ্রবাহে ইউরোপে বাড়ছে মৃত্যুর মিছিল
যদিও এ ব্যাপারে শ্রীরামপুরের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ আইন আইনের মতো চলবে ৷” কটাক্ষের সুরে এও বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে ।” তবে এনআইএ এখনও গ্রেফতারি নিয়ে বিস্তারিতভাবে কিছু জানায়নি । তদন্তকারী সংস্থার দাবি, আদালতের নির্দেশ মেনেই তদন্ত এগোচ্ছে এবং মামলার প্রয়োজনেই এই পদক্ষেপ করা হয়েছে ।
উল্লেখ্য, ২০২৩ সালের রামনবমীকে ঘিরে হুগলির রিষড়া-সহ রাজ্যের একাধিক এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ও হিংসার ঘটনা ঘটে । পরে সেই মামলার তদন্তভার নেয় এনআইএ । শাকির আলির গ্রেফতার এবং তার জেরে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা- এই জোড়া ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।


