Saturday, 4 July, 2026
4 July
Homeউত্তরবঙ্গMalda: পিস্তল হাতে তৃণমূল ছাত্রনেতার ছবি! মালদায় শোরগোল

Malda: পিস্তল হাতে তৃণমূল ছাত্রনেতার ছবি! মালদায় শোরগোল

অভিযুক্ত ছাত্রনেতার খোঁজে পুলিশ সামসি ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডানহাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বিছানায় বসে হাসিমুখে পোজ দিচ্ছেন এক যুবনেতা! এমনই একটি বিস্ফোরক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলায়। ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, তিনি হলেন মালদহের চাঁচল মহকুমার রতুয়া থানার সামসি এলাকার বাসিন্দা রিয়াজুল শেখ।

আরও পড়ুনঃ উদয়ন গুহের নির্মাণ ঘিরে নতুন বিতর্ক, মাপজোক শুরু প্রশাসনের

জানা গিয়েছে, গত দুই বছরেরও বেশি সময় ধরে সামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ইউনিট সভাপতির দায়িত্বে ছিলেন রিয়াজুল। শুক্রবার সকাল থেকে ছবিটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে এবং ওই ছাত্রনেতার কঠোর শাস্তির দাবি উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াজুল এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

এই ছবি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল ছাত্র সংগঠন। টিএমসিপির জেলার প্রাক্তন সভাপতি প্রসূন রায়  জানান, কয়েক বছর আগে মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সুপারিশেই রিয়াজুলকে সামসি কলেজের ইউনিট সভাপতি করা হয়েছিল। 

যদিও বর্তমানে দলের সমস্ত সাংগঠনিক ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সুপারিশের বিষয়ে বিধায়ক আব্দুর রহিম বক্সির নাম আসতেই তিনি পালটা সাফাই দিয়ে বলেন, “কে কখন কী করে বেড়াচ্ছে, তার দায়িত্ব দল কীভাবে নেবে? এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিক।” 

অন্যদিকে রিয়াজুলের পরিবারের সদস্যরা এই ঘটনায় হতভম্ব। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর কিছু আত্মীয়ের দাবি, এই ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র কাজ করে থাকতে পারে।

আরও পড়ুনঃ “পাপ বাপকেও ছাড়ে না”; বাম আমলে তৃণমূল ‘বদলা নয় বদল চাই’ চেয়ে ঋতব্রতর দউলতে তৃণমূলের ‘বদলা’ ও ‘বদল’ হল! ঋতব্রত শিবিরের তৃণমূল ভবন…

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, ঘরের ভেতর বিছানার ওপর লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় বসে রয়েছেন রিয়াজুল। তাঁর ডানহাতে রয়েছে একটি পিস্তল এবং তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। 

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে  তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। দক্ষিণ মালদহের বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় কটাক্ষ করে বলেন, “সন্ত্রাস, দুর্নীতি আর কাটমানিই হলো তৃণমূলের সংস্কৃতি। ওরা পুরনো অভ্যাস ভুলতে পারেনি। আমরা দাবি জানাচ্ছি, পুলিশ যেন অবিলম্বে এই ছাত্রনেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে।”

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে চাঁচল মহকুমা পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ছবিটি বেশ কয়েক দিনের পুরনো। তবে ছবিতে রিয়াজুলের হাতে থাকা বন্দুকটি আসল নাকি খেলনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ছাত্রনেতার খোঁজে পুলিশ সামসি ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন