ফর্ম জমা দিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও মাসের পর মাস কেটে গেলেও মেলেনি ভাতার টাকা। এই বঞ্চনা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগে এবার ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক গৃহবধূ।
শুক্রবার মুর্শিদাবাদের কান্দি মহকুমা শাসক (SDO)-এর দপ্তরের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ,সরকারি নিয়মনীতি মেনে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনেক আগে জমা দেওয়া সত্ত্বেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত একটি টাকাও পৌঁছায়নি।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই মমতা নতুন দল গড়বেন! খেলবেন ইন্দিরা স্টাইলে
অথচ, তাঁদের পরে আবেদন করা বহু উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ভাতার টাকা ঢুকতে শুরু করেছে। সরকারি প্রকল্পের এই চরম বৈষম্যের কারণ জানতে চেয়েই এদিন মহকুমা শাসকের দপ্তরের দ্বারস্থ হন তাঁরা।
আন্দোলনকারী গৃহবধূদের দাবি, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ ও টানাপোড়েন সামলাতে সরকারের এই অন্নপূর্ণা যোজনার ভাতার ওপরই ভরসা করেছিলেন তাঁরা। কিন্তু দিনের পর দিন প্রশাসনের চক্কর কেটেও প্রাপ্য অর্থ না মেলায় বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে বহু পরিবারকে। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে এই জটিলতা দূর করে যাদের আবেদন বৈধ, তাদের সবার অ্যাকাউন্টে দ্রুত বকেয়া টাকা প্রদান করতে হবে।
আরও পড়ুনঃ পিস্তল হাতে তৃণমূল ছাত্রনেতার ছবি! মালদায় শোরগোল
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে এদিন কান্দি মহকুমা শাসক দপ্তরের সামনে দীর্ঘক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে মহকুমা শাসক আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং বকেয়া টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রশাসনের এই ইতিবাচক আশ্বাসের পর গৃহবধূরা শান্ত হন এবং বিক্ষোভ তুলে নেন। তবে নিয়ম মেনে আবেদন করার পরও ঠিক কবে নাগাদ তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এখন সেই উত্তরেরই অপেক্ষায় দিন গুনছেন কান্দির শতাধিক প্রান্তিক গৃহবধূ।


