কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
মালদহের কালিয়াচক থানার জালুয়াবাঁধাল এলাকায় প্রকাশ্য রাস্তায় দুই ভাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই আশরাফুল শেখ (৩২) নিহত হন, আর তাঁর ভাই সাদিকুল শেখ (২৯) গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাদিকুলের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ ‘আমার গার্লফ্রেন্ড চাই, বন্ধুরা খিল্লি করে’; ট্রেনের ছাদে সটান, হইচই শিয়ালদহে
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় মাদক কারবারি পিলু শেখের সঙ্গে ব্রাউন সুগার ব্যবসা ও টাকা পয়সার লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এই হামলা ঘটেছে। পিলু শেখ পলাতক রয়েছেন এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মৃতের পিতা রাকিব শেখ জানান, পিলু শেখ দীর্ঘদিন ধরে বেআইনি মাদক ব্যবসা চালাচ্ছে এবং তাঁর দুই ছেলেও মাদকাসক্ত। টাকা পয়সার নিয়ে ঝগড়া বৃদ্ধির পর পিলু ফোন করে দুই ভাইকে ডেকে নিয়ে এসে হামলা চালায়।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত; বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট
এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল তৃণমূলকে দোষারোপ করেন, যদিও তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সী এটিকে ভিত্তিহীন দাবি করেন এবং পুলিশকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, “গোলমালকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে, অভিযুক্ত পলাতক এবং তাকে ধরতে তল্লাশি চলছে।”


