কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
অমৃত ভারত প্রকল্পের অংশ হিসেবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের শেষ স্টেশন জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উদ্বোধন হবে। জলপাইগুড়ি রোড স্টেশনের প্রধান প্রবেশদ্বারে বৈকুন্ঠপুর রাজবাড়ির সিংহদুয়ারের আদলে একটি শোভাময় তোরণ নির্মাণ করা হয়েছে, যা দেখে মনে হবে যেন রাজবাড়ির প্রবেশদ্বার।
সেদিনই অসমের রঙিয়া ডিভিশনের মাজবাট স্টেশনও উদ্বোধন করা হবে। জলপাইগুড়ি রোডের পুনর্নির্মাণের খরচ হয়েছে ৩৪.৮০ কোটি টাকা, হলদিবাড়ির প্রায় ২৬ কোটি ও মাজবাট স্টেশনের ১০.১৯ কোটি টাকা। যদিও জলপাইগুড়ি ও হলদিবাড়ি স্টেশনে সামান্য কিছু কাজ এখনও বাকি রয়েছে।
আরও পড়ুনঃ রথের দিনেই বাংলার বুকে হাড়হিম দুর্ঘটনা
বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কাটিহার ডিভিশনের শেষ স্টেশন হলদিবাড়ি। জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত কুমার রায় জানান, অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনগুলোর সংস্কার সম্পন্ন হয়েছে। যেখানে লিফটসহ ফুট ওভারব্রিজ, বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য সুবিধা, আধুনিক শৌচাগার ও উন্নত তথ্য সরবরাহ ব্যবস্থা রয়েছে। এই আধুনিকীকরণ যাত্রীদের সুবিধা বৃদ্ধি করবে এবং পর্যটন ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, মাজবাট, জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি স্টেশনগুলোকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকীকরণ করা হয়েছে। এই কাজের সময় ঐতিহ্য ও স্থানীয় সাংস্কৃতিক পরিচিতি অক্ষুণ্ণ রাখার বিশেষ যত্ন নেওয়া হয়েছে।


