কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের কালিয়াচক। আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন নাবালকসহ মোট সাতজন। আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটায় রাতেই স্থানান্তরিত করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কালিয়াচক থানার সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায়।
আরও পড়ুনঃ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাংলাদেশ নিয়ে উদ্বেগে ছেলে সজীব ওয়াজেদ
বিস্ফোরণের ভয়াবহতা ও প্রত্যক্ষদর্শীদের দাবি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে আখিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে পুরো বাগানবাড়ি এলাকা। বিকট শব্দে পাশের টালির চালের বাড়িগুলিও কেঁপে ওঠে বলে জানিয়েছেন বাসিন্দারা।
-
স্থানীয়দের বক্তব্য: শব্দ শুনেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা হালিমা বিবি জানান, “আমরা ঘরে ছিলাম, হঠাৎ ভয়ঙ্কর একটা আওয়াজ পাই। ছুটে গিয়ে দেখি পরিবারের সাতজনই আগুনে পুড়ে গেছে। তার মধ্যে ছোট ছোট বাচ্চাও রয়েছে।”
-
সিলিন্ডার ব্লাস্টের আশঙ্কা: অন্য এক বাসিন্দা আবদুল মান্নানের দাবি, রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আগুনে ছোট ছোট শিশুদের শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ সংসদের জট কাটাতে রাহুলে দ্বারে রিজিজু; শর্ত পূরণ না হলে অচলাবস্থা কাটবে না, অনড় বিরোধী দলনেতা
তদন্তে পুলিশ
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। সত্যি সত্যিই রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই বিস্ফোরণ ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা দাহ্য পদার্থ রয়েছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেন্সিক দল। আহতদের চিকিৎসার ওপর নজর রাখা হচ্ছে।


