কলকাতা:
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে প্রথমবার যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী কর্তৃক ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী, আগামী ১০ অগস্ট (সোমবার) মধ্য কলকাতায় একটি সুবিশাল ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হতে চলেছে। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলের কারণে সপ্তাহের শুরুতেই তিলোত্তমার একাধিক গুরুত্বপূর্ণ ট্রাফিক রুটে যান চলাচলে ব্যাপক নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
আরও পড়ুনঃ তুফানি তান্ডবের অপেক্ষায় বাংলা, জোড়া ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর প্রভাব
যেসব প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে
১০ অগস্ট মিছিল চলাকালীন ও অনুষ্ঠান উপলক্ষে ময়দান ও মধ্য কলকাতা সংলগ্ন নিম্নলিখিত প্রধান পথগুলিতে সাধারণ যান চলাচল স্থগিত বা নিয়ন্ত্রিত করা হবে:
-
রেড রোড ও খিদিরপুর রোড
-
ময়দানগামী রাস্তা: কিংসওয়ে, প্লাসি গেট রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও লাভার্স লেন
-
মেয়ো রোড, আর আর অ্যাভিনিউ ও কুইন্সওয়ে
-
জওহরলাল নেহরু রোড ও ক্যাথিড্রাল রোড
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নাম বদলে রাজি নন শুভেন্দু; মনে করালেন ইতিহাস
যেসব রাস্তায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ
যানজট এড়াতে ও প্রশাসনিক নজরদারির সুবিধার্থে একাধিক রাস্তায় নো-পার্কিং জোন ঘোষণা করা হয়েছে:
-
কিংসওয়ে, অকল্যান্ড রোড ও স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ
-
আর আর অ্যাভিনিউ, মেয়ো রোড, প্লাসি গেট রোড ও ডাফরিন রোড
-
জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
পণ্যবাহী যানবাহনে নিষেধাজ্ঞা
সোমবার শহরের একাধিক সংযোগকারী মূল রাস্তায় পণ্যবাহী গাড়ি (Goods Vehicles) প্রবেশ বা চলাচলের ওপর বিধিনিষেধ জারি থাকবে:
-
প্রধান রাস্তা/সেতু: দ্বিতীয় হুগলি সেতু, সেন্ট জর্জেস গেট রোড।
-
অন্যান্য রুট: এজেসি বোস রোড (লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত), স্ট্র্যান্ড রোড (রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), সিআর অ্যাভিনিউ (জি.সি. অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী), জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোড (রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত)।
জরুরি পরিষেবায় ছাড়: তবে সাধারণ মানুষের সুবিধার্থে এলপিজি (LPG) সিলিন্ডার, সিএনজি (CNG), পেট্রোল-ডিজেল ট্যাঙ্কার, মেডিকেল অক্সিজেন, ওষুধ, দুধ, মাছ, ফল ও শাকসবজি বহনকারী ছাড়প্রাপ্ত জরুরি যান চলাচল অব্যাহত থাকবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে সংযোগকারী ছোট রাস্তাগুলি দিয়ে গাড়ি ঘুরিয়ে (Diversion) দেওয়া হবে। তাই ১০ অগস্ট সকালে বা কাজের উদ্দেশ্যে বেরোনোর আগে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।


