কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর গ্রামে গত সাত মাস ধরে বর্ষার আকালেও জমে থাকা জল জনজীবনে তীব্র দুর্ভোগ সৃষ্টি করেছে। জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে গ্রামবাসীরা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। স্কুলে যাওয়া-আসার সময় ছেলেমেয়েদের জুতো-মোজা খুলে হাতে নিয়ে চলতে হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
গ্রামবাসীরা জানান, এটি কোনও নতুন সমস্যা নয়। গত দশ বছর ধরে একই অবস্থা চলছে। ভোটের সময় এই রাস্তাই কেন্দ্র হয়ে ওঠে, কিন্তু কাজের নামে দুর্নীতি হয়েছে। তৃণমূল সরকারের আমলে ১০ লাখ টাকা দিয়ে ড্রেন তৈরি করা হলেও তা কার্যকর হয়নি, কারণ ড্রেন ও রাস্তার মধ্যে কোনও সংযোগ ছিল না।
মালদার কনুয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা আশিসকুমার সাহা বলেন, “একহাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূল সরকারের সময় ১০ লাখ টাকা খরচ করা হলেও কাজ হয়নি, টাকা পকেটে ঢুকেছে। এখন বিজেপি সরকার আশা দিয়েছে, কিন্তু কাজ হয়নি।”
বৃদ্ধ বিনয় কর্মকার অভিযোগ করেন, “ড্রেনের দু’দিক বন্ধ, রাস্তার জল যেতে পারে না। যত সরকার এসেছে, ভোটের সময় কথা দিয়েছে, পরে আর কিছু হয়নি। এখন বিজেপি আশ্বাস দিচ্ছে, কিন্তু দেরি হওয়ায় মানুষের আস্থা কমছে।”
আরও পড়ুনঃ ভয় ইন ভরসা আউট! শিখা গুহ ভবনে ‘আদাব’ নাটকে আজানের সুর নিয়ে বিতর্ক; নাট্যকর্মী ও দর্শকের প্রতিবাদ
সিপিএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, “তৃণমূল সরকার শুধু দুর্নীতি করেছে, উন্নয়ন হয়নি। নতুন সরকারও প্রতিশ্রুতি দিলে বাস্তবে কিছু হয়নি। বামফ্রন্টই মানুষের ভালো বন্ধু ছিল।”
অন্যদিকে, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, “তৃণমূলের আমলে কোনও উন্নয়ন হয়নি। বিজেপি সরকার মাত্র তিন মাস হয়েছে, সময় দিতে হবে। কাজ শুরু হয়েছে, উন্নয়ন দেখতে পাবেন।”
ব্লক উন্নয়ন অফিসার (বিডিও) ধ্রুবাশিস সামন্তের সঙ্গে যোগাযোগ করা গেল না। তবে ব্লক অফিসের এক আধিকারিক জানিয়েছেন, বর্ষা শেষে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে।


